শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে গাছের পাতা ছেঁড়া কি ইসলামে নিষিদ্ধ? জানুন কুরআন-হাদিসের নির্দেশনা

সমাজে ধর্মের নামে এমন অনেক ধারণা প্রচলিত রয়েছে, যেগুলোর পক্ষে কুরআন বা হাদিসে কোনো প্রমাণ নেই। এর মধ্যে একটি হলো— ‘রাতে গাছের পাতা ছেঁড়া বা গাছ কাটা নিষিদ্ধ।’ অনেকেই এটিকে ধর্মীয় বিধান মনে করেন। কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা কী? কুরআন-সুন্নাহর আলোকে এ বিষয়ে সঠিক অবস্থান জানা জরুরি।

রাতে গাছ কাটা বা পাতা ছেঁড়া কি নিষিদ্ধ?

পবিত্র কুরআন বা হাদিসে রাতে গাছ কাটা বা গাছের পাতা ছেঁড়া নিষিদ্ধ—এমন কোনো নির্দেশ নেই। তাই প্রয়োজন হলে যেমন দিনের বেলায় গাছের পাতা ছেঁড়া যায়, তেমনি রাতেও তা করা বৈধ। একইভাবে প্রয়োজনের ক্ষেত্রে রাতের বেলায় গাছ কাটা বা ডালপালা ছাঁটাই করাও নিষিদ্ধ নয়।

তবে ইসলাম অপ্রয়োজনে গাছ কাটা বা গাছের ক্ষতি করাকে নিরুৎসাহিত করেছে। সেটা দিনে হোক বা রাতে— উভয় ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য। কারণ পরিবেশ সংরক্ষণ এবং আল্লাহর সৃষ্টি রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনু হুবশি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ

‘যে ব্যক্তি (অন্যায়ভাবে) একটি কুল (সিদর) গাছ কেটে ফেলবে, আল্লাহ তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন।’ (আবু দাউদ ৫২৩৯)

এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আবু দাউদ (র.) বলেন, এখানে এমন একটি কুলগাছের কথা বোঝানো হয়েছে, যা উন্মুক্ত স্থানে মানুষের ও পশুপাখির উপকারে আসে। কেউ যদি অন্যায়ভাবে বা অপ্রয়োজনে সেই গাছ কেটে ফেলে, তবে সে এই কঠোর সতর্কবার্তার অন্তর্ভুক্ত হবে।

অন্যদিকে রাসুলুল্লাহ (সা.) গাছ লাগানো এবং তার পরিচর্যাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে উৎসাহিত করেছেন। তিনি বলেন—

مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ، أَوْ إِنْسَانٌ، أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ

‘কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে বা কোনো ফসল ফলায়, এরপর তা থেকে কোনো মানুষ, পাখি বা প্রাণী আহার করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।’ (বুখারি ২৩২০, মুসলিম ১৫৫৩)

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে বলেন—

إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَاعَ أَنْ لَا تَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا

‘যদি কিয়ামত শুরু হয়ে যায় এবং তোমাদের কারও হাতে একটি খেজুরের চারা থাকে, আর সে যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগেই তা রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন তা রোপণ করে।’ (মুসনাদ আহমদ ১২৯০২)

ইসলামে রাতে গাছের পাতা ছেঁড়া বা প্রয়োজনে গাছ কাটা নিষিদ্ধ—এমন কোনো দলিল নেই। তবে অপ্রয়োজনীয়ভাবে গাছ ধ্বংস করা, পরিবেশের ক্ষতি করা কিংবা মানুষের ও প্রাণীর উপকারে আসে এমন গাছ কেটে ফেলা ইসলামের শিক্ষা নয়। বরং কুরআন-সুন্নাহ মানুষকে পরিবেশ রক্ষা, গাছ লাগানো, পরিচর্যা করা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করতে উদ্বুদ্ধ করেছে।

তাই অকারণে গাছের ক্ষতি না করে সুযোগ পেলেই একটি গাছ লাগান, তার যত্ন নিন এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করুন। একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, ইসলামের দৃষ্টিতেও এটি একটি চলমান সদকার (সাদাকায়ে জারিয়া) মাধ্যম হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়