শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৫:৪১ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী কর্মী সরানোর বিতর্কে আইফেল টাওয়ারের পরিচালককে বিদায়

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিতর্কের জেরে পদ ছাড়ছেন ফ্রান্সের আইফেল টাওয়ার পরিচালনার দায়িত্বে থাকা প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো। চলতি বছরের শেষেই তাঁর মেয়াদ শেষ হবে বলে জানিয়েছে আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা এসইটিই।

গত ৫ সেপ্টেম্বর বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাঁদের বদলে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। এমনকি আইফেল টাওয়ারের নির্দিষ্ট কিছু এলাকায় নারী কর্মীদের চলাচলেও বিধিনিষেধ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার প্রতিবাদে কর্মীরা ধর্মঘটে গেলে সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় আইফেল টাওয়ার। পরে এসইটিইর অভ্যন্তরীণ তদন্তে ব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়ে। সংস্থাটি জানিয়েছে, প্রতিনিধি দলের পক্ষ থেকেই নারী কর্মীদের সরিয়ে রাখার অনুরোধ এসেছিল। তবে সেই শর্ত মেনে নেওয়া উচিত হয়নি বলেও স্বীকার করেছে তারা।

এসইটিইর প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েইল বলেন, ওই সিদ্ধান্ত সংস্থার মূল্যবোধ এবং নারী-পুরুষের সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার।

ঘটনাটি নিয়ে ফ্রান্সের মন্ত্রী অরোর বেরজে, ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন ও মধ্যপন্থী নেতা গ্যাব্রিয়েল আটালও নিন্দা জানান। তাঁদের বক্তব্য, ধর্ম বা সংস্কৃতির নামে নারীর অধিকার ও সমতার নীতি খর্ব করা যায় না। পরে বিএপিএসের পক্ষ থেকেও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। তবে তদন্তে ব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়ার পর শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তে হচ্ছে রুইভোকে।

  • সর্বশেষ