বিবিসি, আল জাজিরা, রয়টার্স: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে দুই পাইলটের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন কো-পাইলট। এরপর উড়োজাহাজটি যাত্রীসহ বিধ্বস্ত করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু জানিয়েছেন, এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বিমানে থাকা সাধারণ যাত্রী ও ক্রুদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
বুধবার ইসরায়েলের কাছাকাছি পৌঁছানোর সময় উড়োজাহাজটির ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কো-পাইলট ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন। এর পরের দুই মিনিটে উড়োজাহাজটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। তবে বিমানের ভেতর থাকা অন্য যাত্রী ও অন্য দুজন পাইলটের সহায়তায় এটি নিরাপদে সৌদি আরবের তাবুকে অবতরণ করে।
বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা হয়েছে উল্লেখ করে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, আজ সকালে অত্যন্ত গুরুতর ঘটনা ঘটে। ফ্লাইটে থাকা প্রায় সব যাত্রী ছিলেন ইসরায়েলি। বিমানের এক পাইলট আরেক পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। আর তার সব কাজকর্ম নির্দেশ করছে তিনি বিমানটি যাত্রীসহ বিধ্বস্ত করার চেষ্টা করেছেন।
ওই বিমানে থাকা এক ইসরায়েলি যাত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, তিনি (যাত্রী) আমাকে জানিয়েছেন বিমানটি খাড়াখাড়িভাবে নিচে নামছিল। তিনি অপর একজন ক্রুকে নিয়ে কোনোভাবে ককপিটে প্রবেশ করতে সমর্থ হন। ওই কো-পাইলট তখন বিমানের সিস্টেম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিলেন। তবে তারা সবাই মিলে তাকে থামাতে সমর্থ হন। এরমধ্যে ককপিটে আরেকজন ক্রু প্রবেশ করেন এবং তিনি বিমানটি স্থিতিশীল করতে সমর্থ হন।