ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে চীনা উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিকে বেসেন্ট বলেন, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে সেই আলোচনা অব্যাহত থাকবে।
বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওয়াশিংটন সফর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই বেসেন্ট ও হি লিফেংয়ের বৈঠকটি হওয়ার কথা।
আলোচনার সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থাকতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তবে বৈঠকের বিস্তারিত আলোচনাসূচি কী হবে বেসেন্ট সেটি জানাননি।
এর আগে বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ (নির্ণায়ক আঘাত) ঘোষণার কথা বলেছিলেন এবং তেহরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
এদিকে ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন। দেশটি ইরানের উৎপাদিত তেলের বড় অংশ কিনে থাকে এবং কূটনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্বপূর্ণ সমর্থক।