আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, আমাদের নিজেদের নিয়ে নিজেদেরই গর্ব করা উচিত এবং মাথা উঁচু করে রাখা উচিত। কারণ আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, যার হাতে বিশ্বের সব ধরনের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, আজ পর্যন্ত আমাদের অত্যন্ত দক্ষ ও যোগ্য সামরিক সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। এই সদস্যরাই আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের প্রচেষ্টার ফলেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের সেনাবাহিনী নিজেদের সক্ষমতার ওপর দাঁড়িয়ে থাকতে পেরেছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে নিজেদের প্রধান দায়িত্ব পালন করেছে। দেশের ভৌগোলিক অখণ্ডতা ও ইসলামী বিপ্লব রক্ষা প্রধান দায়িত্ব। ---- পার্সটুডে
রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি আরও বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা ইসলামী ইরানের জন্য একটি সাফল্য। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলো আমরা সফলভাবে মোকাবিলা করেছি। এর প্রমাণ হলো, শত্রুরা তাদের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি।
তিনি বলেন, আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধেও একই ঘটনা ঘটেছিল। সে সময় শত্রুপক্ষ ঘোষণা করেছিল যে, তারা এক দিনের মধ্যে খোররামশহর দখল করবে এবং সাত দিনের মধ্যে তেহরানের আজাদি স্কয়ারে পৌঁছে যাবে। কিন্তু খোররামশহরে তারা ৩৪ দিন আটকে ছিল। এটাই ছিল শত্রুর সব কৌশল ও পরিকল্পনার ব্যর্থতার প্রমাণ।
তিনি বলেন, আজকের যুদ্ধ হলো ইচ্ছাশক্তি ও কঠিন পরিস্থিতি সহ্য করার সক্ষমতার যুদ্ধ। আর এই ক্ষেত্রে আমরা অত্যন্ত সফলভাবে কাজ করেছি। তিনি বলেন, আমাদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত এবং মনে রাখতে হবে—আজ আমাদের সামনে এমন একটি শত্রু রয়েছে, যার হাতে বিশ্বের সব ধরনের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রয়েছে।