ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ সদর শহর, শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চারজনকে ও কালীগঞ্জ উপজেলায় অভিযানে বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের আরও তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২) ও শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো: হাসিবুল ইসলাম (২৫) সহ কালীগঞ্জে তিনজন ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে।
ওসি হুমায়নু কবির মোল্লা বলেন, গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে । মামলা নম্বর: ৫- ০৫/০৮/২০২৬)। শনিবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।