শিরোনাম
◈ শিল্পায়ন ও বিনিয়োগের স্বপ্ন এখন বাস্তবে দৃশ্যমান ◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল

নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নানা সময় গোপন উপায়ে সরিয়ে নেওয়া হয়েছে। কখনো তাকে বিমানবন্দরের ক্যাটারিং ট্রাকে করে অন্য বিমানে নেওয়া হয়েছে, কখনো হোয়াইট হাউসের ভূগর্ভস্থ বাঙ্কারে রাখা হয়েছে। আবার হামলার আশঙ্কায় তাকে সাঁজোয়া গলফ কার্টে করেও সরিয়ে নেওয়া হয়েছে। এসব ঘটনার কোনোটি ছিল নিরাপত্তা হুমকির কারণে, আবার কোনোটি ছিল বিক্ষোভ বা সংবাদমাধ্যমের নজর এড়ানোর জন্য।

সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটে তুরস্কে। গত মাসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় গিয়েছিলেন ট্রাম্প। ফেরার সময় তাকে প্রকাশ্যে পুরোনো এয়ার ফোর্স ওয়ান বিমানে উঠতে দেখা যায়। কিন্তু এরপরই শুরু হয় গোপন অভিযান। ট্রাম্পকে ওই বিমান থেকে গোপনে নামিয়ে বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকে তোলা হয়। ট্রাকটি তাকে নিয়ে যায় ছোট আকারের সামরিক বিমান সি-৩২এ-এর কাছে। এরপর ওই বিমানে করে তিনি ব্রিটেনে চলে যান। একই সময়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানও ব্রিটেনের উদ্দেশে রওনা হয়, যাতে সবাই মনে করেন ট্রাম্প ওই বিমানেই আছেন। এমনকি বিমানে থাকা সাংবাদিকদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছিল।

ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি পাওয়ার পরই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। হোয়াইট হাউস অবশ্য ক্যাটারিং ট্রাকে করে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার ঘটনা সরাসরি নিশ্চিত করেনি। তবে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এর আগেও ট্রাম্পকে অস্বাভাবিক উপায়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ক্যালিফোর্নিয়ার একটি রিপাবলিকান সম্মেলনে যোগ দিতে গিয়ে বিক্ষোভকারীদের কারণে তাকে হোটেলের পেছনের পথ দিয়ে ঢুকতে হয়েছিল। শত শত বিক্ষোভকারী হোটেলের সামনের রাস্তা আটকে দিয়েছিল। ফলে ট্রাম্পের গাড়িবহর অন্য পথ নেয়। পরে তিনি হোটেলের পেছনের নিচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে সেই দৃশ্য ধরা পড়ে। মঞ্চে উঠে ট্রাম্প নিজেও ঘটনাটিকে তার জীবনের ‘সহজতম প্রবেশ’নয় বলে রসিকতা করেছিলেন।

২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলাকালে হোয়াইট হাউসের সামনেও উত্তেজনা তৈরি হয়। ওই বছরের ২৯ মে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে ভূগর্ভস্থ জরুরি বাঙ্কারে নিয়ে যান। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা ছিলেন। পরে এ ঘটনা প্রকাশ্যে এলে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। ট্রাম্প অবশ্য বলেছিলেন, তিনি সেখানে নিরাপত্তার জন্য নয়, বরং বাঙ্কারটি পরিদর্শন করতে গিয়েছিলেন।

২০২৪ সালের সেপ্টেম্বরেও ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে খেলছিলেন তিনি। হঠাৎ নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা গলফ মাঠের পাশের বেড়ার কাছে একটি রাইফেলের নল দেখতে পান। পরে জানা যায়, সেখানে এক ব্যক্তি অস্ত্র নিয়ে লুকিয়ে ছিলেন।

নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং সাঁজোয়া গলফ কার্টে করে তাকে ক্লাব ভবনে নিয়ে যান। এরপর তাকে মার-আ-লাগোতে ফিরিয়ে নেওয়া হয়। ট্রাম্প পরে বলেন, গুলির শব্দ শুনেছিলেন। তবে ওই সময়ও তার একটি আফসোস ছিল—গলফের শেষ শটটি আর নেওয়া হয়নি।

আরেকটি ঘটনা নিরাপত্তার চেয়ে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলার সঙ্গে বেশি সম্পর্কিত। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্প নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু সেদিন রাতে তিনি পরিবার নিয়ে গোপনে ম্যানহাটনের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে চলে যান।

সাংবাদিকরা পরে বিষয়টি জানতে পেরে তাকে খুঁজতে বের হন। রেস্তোরাঁর সামনে পুলিশ মোতায়েন থাকায় সাংবাদিকদেরও দূরে রাখা হয়।

ঘটনাটি নিয়ে তখন প্রেসিডেন্টের চলাফেরা সম্পর্কে সংবাদমাধ্যমকে নিয়মিত তথ্য দেওয়ার ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। ট্রাম্পকে গোপনে সরিয়ে নেওয়ার এসব ঘটনা দেখায়, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় কখনো কখনো প্রচলিত প্রটোকলের বাইরেও ব্যবস্থা নিতে হয়। তবে সর্বশেষ তুরস্কের ঘটনায় ক্যাটারিং ট্রাক ব্যবহার এবং সাংবাদিকদের অজ্ঞাত রেখে ভিন্ন বিমানে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়ার ঘটনা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়