শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০১:৩১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে কেন আলোচনায় চীনের ‘নিউ-নিউ ট্রিও’?

চীনের তৈরি পরিচ্ছন্নতা রোবট এখন অস্ট্রেলিয়ার দেয়াল ও ছাদে কাজ করছে। চীনের তৈরি বড় মডেলগুলো ব্রাজিলের স্থানীয় বিদ্যুৎ গ্রিড রক্ষণাবেক্ষণ করছে এবং জটিল পরিবেশে পরিদর্শনের সমাধান দিচ্ছে। শাংহাইয়ের উদ্ভাবনী ওষুধ এখন বিশ্বের স্বীকৃত চিকিৎসা নির্দেশিকায় স্থান পেয়েছে, রোগীদের দেখাচ্ছে নতুন আশা। মোটকথা, রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উদ্ভাবনী ওষুধ—এই ‘নিউ-নিউ ট্রিও’ বা নতুন ত্রয়ী হয়ে উঠেছে চীনের বৈদেশিক বাণিজ্যের নতুন পরিচয়। গত ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপের বরাত দিয়ে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখন চীনকে আরও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখার প্রবণতা বাড়ছে।

চীনের বৈদেশিক বাণিজ্যের প্রধান পণ্যগুলো বদলে যাচ্ছে। দেশটির শিল্প উন্নয়নের স্পষ্ট চিত্র তুলে ধরে এই প্রবণতা। সংস্কার ও উন্মুক্তকরণের পর প্রথম পর্যায়ে পোশাক, আসবাবপত্র ও গৃহস্থালী পণ্য—এই ‘পুরনো ত্রয়ী’ ছিল কম খরচের শ্রমশক্তির সুবিধা নিয়ে আন্তর্জাতিক বাজারে চীনের শক্তিশালী অবস্থান করার পণ্য।

advertisement

পরে পরিবেশবান্ধব উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে আসে নতুন জ্বালানির যানবাহন, লিথিয়াম ব্যাটারি ও সৌরবিদ্যুৎ পণ্য। চীনের বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই ‘নতুন ত্রয়ী’।

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও জীবনবিজ্ঞানের মতো ভবিষ্যৎমুখী প্রযুক্তির দিকে গুরুত্ব দিচ্ছে চীন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং মূল প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ‘নিউ-নিউ ট্রিও’-এর দ্রুত বিকাশ ঘটছে। এর ফলে ‘মেড ইন চায়না’ ধীরে ধীরে ‘ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং ইন চায়না’-তে রূপান্তরিত হচ্ছে।

advertisement

এই ‘নিউ-নিউ ট্রিও’-এর জনপ্রিয়তা পরিসংখ্যানেও স্পষ্ট। চলতি বছরের প্রথমার্ধে চীনের শিল্প রোবট রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। বিশ্বের ১৪১টি দেশ ও অঞ্চলে পৌঁছেছে এগুলো। একই সময়ে সার্জিক্যাল রোবটের রপ্তানি গত বছরের তুলনায় ৩ দশমিক ৩ গুণ বেড়েছে।

বৈশ্বিক এআই মডেল প্ল্যাটফর্ম ওপেনরাউটারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে চীনের বড় আকারের এআই মডেল ব্যবহারের পরিমাণ ৩৬ দশমিক ১১ ট্রিলিয়ন টোকেনে পৌঁছেছে এবং টানা ১২ সপ্তাহ ধরে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।

advertisement

চলতি বছরের প্রথমার্ধে চীনে অনুমোদিত ১১টি নতুন টার্গেটেড ও মেকানিজম-ভিত্তিক উদ্ভাবনী ওষুধই চীনা প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। একই সময়ে চীনা উদ্ভাবনী ওষুধের লাইসেন্সিং লেনদেনের মূল্য প্রায় ১১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ। বৈশ্বিক ওষুধ লেনদেনের শীর্ষ দশের মধ্যে আটটিই চীনা প্রতিষ্ঠান।

‘নিউ-নিউ ট্রিও’-এর দ্রুত অগ্রগতি দেখিয়ে দিচ্ছে যে, চীন শুধু বিশ্বের একটি উৎপাদনকেন্দ্র নয়, বরং ধীরে ধীরে একটি উদ্ভাবনকেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করছে।

এই নতুন শিল্পগুলো চীনের অর্থনীতিতে নতুন গতি যোগ করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের জন্যও উন্নয়নের নতুন সুযোগ তৈরি করছে। রোবট খাতে মরগান স্ট্যানলির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অংশগ্রহণ ছাড়া টেসলার দ্বিতীয় প্রজন্মের হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’-এর সরবরাহ শৃঙ্খল গবেষণার ব্যয় বেড়ে যেত কয়েক গুণ।

এআই খাতে চীন ওপেন সোর্স প্রযুক্তিকে উৎসাহিত করছে, যা বিশ্বের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এবং উন্নয়নশীল দেশগুলোকে তুলনামূলক কম খরচে উন্নত কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ দিচ্ছে।

চিকিৎসা ক্ষেত্রে চীন নিজস্ব গবেষণা, উন্নয়ন ও ডিজিটাল উৎপাদন ব্যবস্থার মাধ্যমে ওষুধ তৈরির সময় ও খরচ কমিয়েছে। ফরাসি সংবাদপত্র ‘লিবেরাসিওঁ’ উল্লেখ করেছে, উন্নত উৎপাদন ব্যবস্থা, সম্পূর্ণ শিল্প-শৃঙ্খল এবং উৎপাদন ব্যয় কমানোর কারণে চীনের উদ্ভাবনী ওষুধ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একই ধরনের পণ্যের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। এখানকার কিছু ক্যান্সার চিকিৎসা ফ্রান্সের স্বাস্থ্যবীমার আওতায় এলে রোগীপ্রতি বছরে হাজার হাজার ইউরো সাশ্রয় হতে পারে।

বিশ্বের শিল্প উন্নয়নের ইতিহাসে চোখ রাখলে দেখা যায়, উন্মুক্ততাই নিয়ে আসে নতুন অগ্রগতি, আর বিচ্ছিন্নতা কমিয়ে দেয় উন্নয়নের গতি। ‘নিউ-নিউ ট্রিও’ দেখায়, চীনের উন্নয়ন বিশ্বের জন্য কোনো বাধা নয়; বরং নতুন সুযোগ সৃষ্টি করে। এটি কোনো হুমকি নয়, বরং পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির একটি সুযোগ।

লেখক: সাংবাদিক, সিএমজি বাংলা, বেইজিং।

  • সর্বশেষ