শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে চলতি বছর হাম (মিজলস) সংক্রমণ ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এ বছর রিপোর্ট লেখা পর্যন্ত ২ হাজার ৩১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জুলাই শেষ হওয়ার আগেই এই সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের সংক্রমণকেও ছাড়িয়ে গেছে।

সিডিসির প্রকাশিত সর্বশেষ (শুক্রবার) তথ্যানুযায়ী, ২০২৬ সালের সংক্রমণের এই সংখ্যা ১৯৮৯ থেকে ১৯৯১ সালের বড় প্রাদুর্ভাবের পর এক বছরে সর্বোচ্চ। ওই সময় যুক্তরাষ্ট্রে ৫৫ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয় এবং ১২৩ জনের মৃত্যু হয়।

advertisement

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ্যার অধ্যাপক উইলিয়াম মস বলেন, “এই রেকর্ডটি আরও উদ্বেগজনক, কারণ এখনও মাত্র জুলাই মাস চলছে এবং দেশের বিভিন্ন এলাকায় নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে।”

টিকাদান কমে যাওয়াই বড় কারণ: জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ শিশুদের টিকাদানের হার ধারাবাহিকভাবে কমে যাওয়া।

advertisement

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ মহামারির পর থেকেই এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা গ্রহণের হার কমতে শুরু করে। পাশাপাশি টিকা নিয়ে বিভ্রান্তি ও সন্দেহও পরিস্থিতিকে আরও জটিল করেছে।

অনেক বিশেষজ্ঞের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের টিকাবিরোধী অবস্থান এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়- এমন দাবি প্রচারের ফলে জনগণের মধ্যে টিকা সম্পর্কে আস্থার সংকট আরও বেড়েছে।

advertisement

সবচেয়ে বেশি আক্রান্ত শিশু-কিশোর: সিডিসির তথ্যানুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত শনাক্ত হওয়া আক্রান্তদের ৬৯ শতাংশই নবজাতক থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অংশ প্রায় ২০ শতাংশ।

সংক্রমিত পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রতি ১০ জনে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে, ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার হার ৩ শতাংশ।

চলতি বছরে হামে আক্রান্ত হয়ে রিপোর্ট লেখা পর্যন্ত ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

যদিও গুরুতর ক্ষেত্রে হাম প্রাণঘাতী হতে পারে, তবে ২০২৬ সালের জানুয়ারির পর এ রোগে নতুন কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত বছরের রেকর্ডও ছাড়িয়েছে: পুরো ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়েছিল ২ হাজার ২৮৯ জন। অর্থাৎ চলতি বছরের মাত্র সাত মাসেই সেই সংখ্যাকে ২৯ জন ছাড়িয়ে গেছে।

গত বছর হামে আক্রান্তদের মধ্যে ২৪৩ জন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে মৃত্যু হয় তিনজনের।

৯৭ শতাংশ কার্যকর এমএমআর টিকা: চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক হলেও এটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা।

সিডিসি জানিয়েছে, দুটি ডোজ এমএমআর টিকা গ্রহণ করলে হাম প্রতিরোধে এর কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ।

হার্ড ইমিউনিটির নিচে নেমেছে টিকাদানের হার: সিডিসির তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের মধ্যে টিকাদানের গড় হার নেমে এসেছে ৯২ দশমিক ৫ শতাংশে।

বিশেষজ্ঞদের মতে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা গ্রহণ প্রয়োজন, যাতে ‘হার্ড ইমিউনিটি’ বা সামষ্টিক রোগপ্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে।

বর্তমানে অন্তত ১৬টি অঙ্গরাজ্যে টিকাদানের হার ৯০ শতাংশেরও নিচে নেমে গেছে। এসব অঙ্গরাজ্যের অনেকগুলোতেই চলতি বছরে হামের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা গেছে।

টিকাবিরোধী প্রচারণা নিয়ে সমালোচনা: জনস্বাস্থ্য কর্মকর্তাদের অনেকে মনে করেন, কোভিড-১৯ মহামারির সময় সরকারের পদক্ষেপ নিয়ে জনঅসন্তোষ এবং টিকাবিরোধী প্রচারণা টিকাদানের হার কমিয়ে দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বহুবার দাবি করেছেন, হামের টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক রয়েছে। তবে বৈজ্ঞানিক গবেষণায় এমন দাবির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

গত জুনে তিনি সিডিসির টিকাবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সব সদস্যকে বরখাস্ত করেন। এই কমিটি যুক্তরাষ্ট্রে কোন টিকা কীভাবে এবং কাদের দেওয়া হবে, সে বিষয়ে সরকারকে সুপারিশ করে থাকে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি অ্যান্ড্রু রেসিন বলেন, “গত বছরের শুরু থেকেই ফেডারেল নেতৃত্ব হামকে তেমন গুরুতর নয় বলে উপস্থাপন করছে এবং এমএমআর টিকা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।”

তিনি বলেন, “২০২৬ সালের অর্ধেক সময় পার হতে না হতেই যুক্তরাষ্ট্র ১৯৯১ সালের পর সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। এটি সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।”

৯৩ শতাংশ আক্রান্তই টিকা নেয়নি: সিডিসির তথ্যমতে, চলতি বছরের আক্রান্তদের ৯৩ শতাংশই আগে কোনও এমএমআর টিকা নেয়নি। বাকিদের মধ্যে অল্পসংখ্যক ব্যক্তি সংক্রমণের আগে এক বা দুই ডোজ টিকা নিয়েছিল।

চলতি বছর যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট সংক্রমণের ৯৩ শতাংশই ৩৫টি পৃথক প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত।

সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে সাউথ ক্যারোলাইনা, উটাহ, অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে।

এর মধ্যে মাত্র ১৬টি সংক্রমণ বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের মধ্যে শনাক্ত হয়েছে।

হামমুক্ত মর্যাদা হারানোর শঙ্কা: ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সাউথ ক্যারোলাইনার প্রাদুর্ভাবে প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করার পর সবচেয়ে বড় একক প্রাদুর্ভাব এটি।

এই পরিস্থিতিতে দেশটির ‘হামমুক্ত’ মর্যাদা বহাল থাকবে কি না, তা এখন পর্যালোচনায় রয়েছে। প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন (পাহো) জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সূত্র: রয়টার্স, বিবিসি

 

  • সর্বশেষ