শিরোনাম
◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর:ভারতে এলো বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন, জানুন দাম ◈ বৈরী আবহাওয়ায় হোটেল বুকিং বাতিল ৫০ হাজার পর্যটকের

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ

এনএইচকে: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গম দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’।  বিগত কয়েক বছরের মধ্যে এটি ওই অঞ্চলের অন্যতম ভয়াবহ ঝড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ ‍জুলাই) ভোরে টাইফুনটি তাইওয়ানের কাছাকাছি অবস্থিত জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার (১০০ মাইল)।

ঝড়ের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা জানালা বন্ধ করে দিয়েছেন এবং বাড়িঘর ও দোকানে বাতাস প্রতিরোধী জাল লাগিয়েছেন। অঞ্চলের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে শনিবারের (১১ জুলাই) অনেক ফ্লাইটও রয়েছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় সাকিশিমা দ্বীপপুঞ্জের ইশিগাকি দ্বীপে বাসিন্দারা আগাম খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। স্থানীয় একটি সুপারমার্কেটে ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন পণ্যের তাক প্রায় খালি হয়ে গেছে। কয়েকটি সৈকত, উপকূলীয় পার্ক ও ফেরি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইশিগাকির এক দোকানদার হিরোশি নোমুরা বলেন, ‘শুনেছি এবার ঝড়টি বেশ শক্তিশালী হবে। আমাদের প্রস্তুতি যথেষ্ট কি না, তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন।’

তাইওয়ানে ভারি বৃষ্টির আশঙ্কা

প্রতিবেশী তাইওয়ানেও টাইফুন ‘বাভি’ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির আর্থিক বাজার বন্ধ রাখা হয়েছে এবং উত্তর ও পূর্বাঞ্চলের অনেক জায়গায় ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানী তাইপে প্রশাসন বাসিন্দাদের জন্য বালুর বস্তা সংগ্রহের ব্যবস্থা করেছে।

যদিও ‘বাভি’ সরাসরি তাইওয়ানে আঘাত হানবে না, তবে শুক্রবার রাত থেকে দ্বীপটিতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় প্রায় এক মিটার (৩.৩ ফুট) পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাইওয়ান সরকার জানিয়েছে, মূলত পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৯ হাজার সেনাসদস্যকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হলেও এর বিস্তৃত প্রভাবের কারণে অনেক এলাকায় এখনো শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তাইপে তাওইয়ান থেকে শনিবারের সব ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান সংস্থাগুলো।

বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ঝড়ের কারণে জুন মাসের বিক্রয় তথ্য প্রকাশের সময় শুক্রবার থেকে পিছিয়ে সোমবার করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাতের দিকে ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌয়ের কাছে আঘাত হানতে পারে। শহরটিতে প্রায় এক কোটি মানুষের বসবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়