ইরান যুদ্ধের জন্য মার্কিন সামরিক বাহিনীর অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের অর্থায়নের অনুরোধ গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে তীব্র বিরোধিতার মুখে পড়েছে। ডেমোক্র্যাট এবং এমনকি কিছু রিপাবলিকান সদস্যও গত বছরের বিশাল প্রতিরক্ষা বরাদ্দের পর এই বিপুল অর্থের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন নিশ্চিত করে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, প্রতিরক্ষা দপ্তর হোয়াইট হাউসের কাছে ইরানে যুদ্ধের অর্থায়নের জন্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি অনুরোধ অনুমোদনের জন্য আবেদন করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই বিশাল অঙ্ক অনুমোদনের জন্য সিনেট এবং প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাননি এবং তার প্রশাসন স্পষ্ট করেছে যে এই সংখ্যাটি পরিবর্তিত হতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি মনে করি এই সংখ্যাটি পরিবর্তিত হতে পারে। মন্দ লোক মারতে (অপরাধীদের নির্মূল করতে) অর্থের প্রয়োজন হয়। তাই অতীতে যা করা হয়েছে এবং ভবিষ্যতে যা করার প্রয়োজন হতে পারে, তার জন্য সঠিক অর্থায়ন নিশ্চিত করতে আমরা কংগ্রেসের কাছে ফিরে যাচ্ছি।"
প্রাথমিক আলামত অনুযায়ী, ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের পর এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের জানিয়েছেন যে, ইরান যুদ্ধের প্রথম ছয় দিনেই ১১ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে।
জনমত জরিপ বলছে যে এই যুদ্ধটি জনগণের কাছে জনপ্রিয় নয়; মাত্র চারজন আমেরিকানের মধ্যে একজন এই যুদ্ধকে সমর্থন করছেন।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস ইতিমধ্যেই সামরিক বাহিনীর জন্য রেকর্ড পরিমাণ অর্থায়ন অনুমোদন করেছে। গত মাসে তিনি 'অর্থবছর ২০২৬ প্রতিরক্ষা বরাদ্দ আইন' স্বাক্ষর করেছেন, যেখানে প্রায় ৮৪০ বিলিয়ন ডলারের তহবিল রাখা হয়েছে।
এছাড়া গত গ্রীষ্মে, ডেমোক্র্যাটদের কঠোর বিরোধিতা সত্ত্বেও, রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস একটি ব্যাপক কর ছাড় এবং ব্যয় বিল পাস করেছিল যাতে প্রতিরক্ষার জন্য ১৫৬ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত ছিল।
সামাজিক সেবা, বৈদেশিক সাহায্য এবং অন্যান্য খাতে সাম্প্রতিক ব্যয় সংকোচনের প্রেক্ষাপটে কেন পেন্টাগনের আরও অর্থের প্রয়োজন, তা নিয়ে ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, যারা এই যুদ্ধের বিরোধিতা করেন তাদের কেউই যেন এর অর্থায়নে ভোট না দেন।
কংগ্রেস আরও তথ্য চায়
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করে। যুদ্ধ তৃতীয় সপ্তাহের কাছাকাছি পৌঁছালে ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে আরও তথ্যের দাবি জানিয়েছেন। এই যুদ্ধ ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে, লক্ষ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত করেছে এবং বিশ্ব জ্বালানি ও শেয়ার বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
ওয়াশিংটনের ডেমোক্র্যাট প্রতিনিধি প্রমিলা জয়পাল প্রতিনিধি পরিষদে দেওয়া এক বক্তৃতায় বলেন, "আমরা শুনলাম পেন্টাগন এই যুদ্ধের জন্য আরও ২০০ বিলিয়ন ডলারের অনুরোধ জানাচ্ছে। আমরা এই টাকা কোথা থেকে দেব? এটি সম্পূর্ণ হাস্যকর।"
প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিং নেওয়ার পর আইনপ্রণেতারা অনুমান করছেন যে, এই যুদ্ধে প্রতিদিন ১ থেকে ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে।
মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, এই অনুরোধটি কংগ্রেস সদস্যদের কাছে শুরুতেই নাকচ হওয়া উচিত। তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "এই যুদ্ধ শেষ করার, আমাদের সৈন্যদের রক্ষা করার, বেসামরিক মানুষের জীবন বাঁচানোর এবং একটি আইন অমান্যকারী প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার সেরা উপায় হলো অর্থায়ন বন্ধ করা। আমি এতে সরাসরি 'না' বলছি।"
ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের কেউ কেউ এই প্রস্তাবিত অর্থের পরিমাণ দেখে অবাক হয়েছেন। গত বুধবার রাতে ক্যাপিটলে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির প্রধান রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, তাকে ২০০ বিলিয়ন ডলারের এই সম্পূরক অনুরোধ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
সূত্র: ইনকিলাব