এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে উল্লেখিত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে অথবা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুলাই নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। এ ছাড়া কংস নদীর পানি সমতলও আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী ২ দিন স্থিতিশীল ও পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।