দেশজুড়ে টানা কয়েকদিন ধরেই দাপটে রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখনো ৩৫ ডিগ্রির ঘরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকালের মধ্যেই দেশের ৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নোয়াখালীর মাইজদীকোর্টে ৬৬ মিলিমিটার ছাড়াও কুমিল্লায় ৪৯, সিলেটে ৩৪, নেত্রকোণায় ২৫, লক্ষ্মীপুরের রামগতিতে ১৯, বরিশালে ১৮, বগুড়ায় ১৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।