মনিরুল ইসলাম : কানাডার মনোমুগ্ধকর সাগরপাড় ঘেঁষে দীর্ঘ ভ্রমণে মুগ্ধতার অনুভূতি প্রকাশ করেছেন দেশের বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। গাড়ির জানালা দিয়ে আটলান্টিকের বিস্তীর্ণ জলরাশি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই তিনি ধারণ করেছেন একাধিক ভিডিও, যেখানে ফুটে উঠেছে তাঁর বিস্ময় আর আনন্দ।
জানা গেছে, কুইবেক থেকে জ্যাসপারের পথে এই ভ্রমণে ববিতার সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক-এর পরিবার। গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন তাঁর নাতনি নাজলি হোসেন ঐশী। পাশে বসেছিলেন রাজ্জাকের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পী। আর পেছনের আসনে ববিতার সঙ্গে ছিলেন বাপ্পীর স্ত্রী নাহিদ হোসেন হ্যাপি।
দীর্ঘ পথের যাত্রায় আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে যেতে যেতে ববিতা ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা সবাই কুইবেক থেকে যাচ্ছি আটলান্টিক সমুদ্রের পাশ দিয়ে। কী অপূর্ব সাগর! ওরে বাবা...সাংঘাতিক!”—এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নজর কাড়ে।
ভ্রমণের গন্তব্য জ্যাসপারে পৌঁছেও তাঁর মুগ্ধতা থামেনি। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আরেকটি ভিডিওতে তিনি বলেন, “জ্যাসপার—অপূর্ব! আমরা এখানে আছি।”
এদিকে রাজ্জাক পরিবারের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথাও স্মরণ করেন ববিতা। তিনি জানান, দুই পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। রাজ্জাক পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে যেমন তাঁকে আমন্ত্রণ জানানো হতো, তেমনি তাঁর পারিবারিক আয়োজনেও তাদের উপস্থিতি ছিল নিয়মিত। এই পারিবারিক বন্ধনের ধারাবাহিকতায় রওশন হোসেন বাপ্পীকেও নিজের সন্তানের মতোই মনে করেন তিনি।
উল্লেখ্য, রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাট দেশের দর্শকদের কাছে পরিচিত হলেও মেজ ছেলে রওশন হোসেন বাপ্পী অভিনয়ের সঙ্গে যুক্ত নন। ২০১৩ সাল থেকে তিনি পরিবারসহ কানাডায় বসবাস করছেন। এবার সেই পরিবারের সঙ্গেই সময় কাটাতে গিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নতুন করে মুগ্ধ হলেন ববিতা। তথ্য সূত্র : প্রথম আলো