হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতুল আক্তার জান্নাতি নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্য ডাঙ্গী গ্রামে সদরপুর-চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি ওই গ্রামের শেখ রিপনের মেয়ে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে নিজ বাড়ির কাছেই সড়কের পাশে দাঁড়িয়ে ছিল জান্নাতি। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরগামী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনার পর পরই অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।