শিরোনাম
◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা-ইনফ্রাকো: ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি

মনিরুল ইসলাম: নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। প্রায় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৪৫ মিলিয়ন ডলারের বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করবে যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড।

শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পের জন্য সরকারের সঙ্গে ২০ বছর মেয়াদি চুক্তি রয়েছে। সংশ্লিষ্টদের আশা, দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে দেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের মাধ্যমে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্প আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে।

Advertisement

তিনি বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে।

এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বারাকা গ্রুপ, পিআইডিজি এবং অন্যান্য অংশীদারদের স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতি তাদের আস্থা ও বিনিয়োগের আগ্রহ অত্যন্ত প্রশংসনীয়। এ প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্প বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখার জন্য পিআইডিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি তাদের বিনিয়োগ আরও সম্প্রসারণ করবে বলে আমরা বিশ্বাস করি।

সরকারের ২০৩০ সালের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচিতি, কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতিষ্ঠানটির ভূমিকা ও পরিকল্পনা সম্পর্কেও অতিথিদের অবহিত করেন তিনি।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক নাঈম আহমদ চৌধুরী। তিনি উপস্থিত অতিথি, আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিআইডিজির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন।

বিদ্যুৎ খাতে বারাকা গ্রুপের অভিজ্ঞতা

উল্লেখ্য, বারাকা গ্রুপ ২০০৯ সাল থেকে বিদ্যুৎ খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, অতীতে জাতীয় গ্রিডে ৩১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও বর্তমানে সরবরাহের পরিমাণ ২৬৫ মেগাওয়াট। বিদ্যুৎ খাতের পাশাপাশি তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, সিকিউরিটিজ ও শিক্ষা খাতেও প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।

অন্যদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনফ্রাকো এশিয়া পিআইডিজির অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগকারী সংস্থা। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডা—এই ছয়টি উন্নত দাতা দেশের সহায়তায় সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে টেকসই অবকাঠামো নির্মাণ ও বিনিয়োগে কাজ করছে।

নবায়নযোগ্য জ্বালানিতে নতুন সম্ভাবনা

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রেক্ষাপটে ফটিকছড়ির ৪৫ মেগাওয়াটের প্রকল্পটি বেসরকারি ও বিদেশি বিনিয়োগের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, স্থানীয় বিদ্যুৎ খাতে বারাকা গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগে পিআইডিজির আন্তর্জাতিক দক্ষতার সমন্বয় প্রকল্পটির বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা আরও বাড়তে পারে।

  • সর্বশেষ