দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এদিকে চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— ৩ দিনেই ১৩ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যেখানে গত অর্থবছরের একই সময়ে দেশে ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।