শিরোনাম
◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ বছর পরও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বেঁচে আছেন গৌতম দাস

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : সড়ক সংস্কার ও পুনঃনির্মাণ কাজের দুর্নীতির বিরুদ্ধে কলম ধরাই কাল হয়েছিল তাঁর। নির্ভীক সেই কলমসৈনিক সাংবাদিক গৌতম দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল নিজের কর্মস্থলেই। ঘাতকেরা তাঁর প্রাণ কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাঁর আদর্শ ও সাহসিকতা। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও সহকর্মী ও ফরিদপুরবাসীর হৃদয়ে আজও অনুপ্রেরণার নাম হয়ে বেঁচে আছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দৈনিক সমকালের তৎকালীন ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় বক্তাদের কণ্ঠে উঠে আসে এমনই আবেগঘন স্মৃতিচারণা।

দুপুর ১টায় প্রেসক্লাবের মরহুম সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্যা হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত এই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে ফরিদপুর শহর এবং গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে।

স্মরণসভায় স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর তৎকালীন সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদী বলেন, “গৌতম দাস অত্যন্ত সাদাসিধে এবং ভালো মনের মানুষ ছিলেন। অফিসের ভেতরেই একটি চৌকি পেতে থাকতেন। শহরের প্রধান সড়ক ‘মুজিব সড়ক’ সংস্কারের অনিয়ম নিয়ে তিনি যে প্রতিবেদন প্রকাশ করেছিলেন, তা সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর জের ধরেই সংশ্লিষ্ট ঠিকাদার গোষ্ঠী ও সন্ত্রাসী চক্র ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করে। এমন মৃত্যু ছিল চরম অনাকাঙ্ক্ষিত।”

Advertisement

তৎকালীন সমকালের প্রতিনিধি এবং গৌতম দাস হত্যা মামলার বাদী হাসানউজ্জামান বলেন, “আমরা তিন মাস একসঙ্গে কাজ করেছিলাম। তাঁকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সে সময় তাঁর হত্যার বিচারের দাবিতে সারাদেশের সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন। যার ফলে প্রশাসন দ্রুত আসামিদের গ্রেফতার ও চার্জশিট দিতে বাধ্য হয়।”

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, “গৌতম দাস রক্তে-মাংসে একজন সাহসী সাংবাদিক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আমাদের জন্য আদর্শ। তাঁকে অনুসরণ করতে পারলেই আমাদের সাংবাদিকতা পেশার যথার্থ মূল্যায়ন হবে।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু। বক্তারা বলেন, গৌতম দাসের আত্মত্যাগ তরুণ সাংবাদিকদের সত্য প্রকাশে চিরকাল সাহস জোগাবে।

১৯৭৪ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে জন্মগ্রহণ করেন গৌতম দাস। তিনি দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে ব্যুরো কার্যালয়েই থাকতেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে তাঁকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই সমকালের পক্ষে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন হাসানউজ্জামান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ঘটনার আট বছর পর, ২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সেখানে তাঁর ভাইবোনদের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দুপুরে ফরিদপুর শহরের বান্ধবপল্লী ও শ্রীঅঙ্গনে গৌতম দাসের স্ত্রী দীপালী দাসের উদ্যোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ