কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌরসভার উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে “রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট” (RUTDP)-এর আওতায় ৪ কিলোমিটার সড়ক, ৩টি ব্রিজ, ৩টি কালভার্ট ও ড্রেন নির্মাণ কাজের চূড়ান্ত বরাদ্দ অনুমোদিত হয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা।
চান্দিনা পৌরসভা সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হাছান জানান, এই প্রকল্পের অধীনে চান্দিনা পোস্ট অফিসের পশ্চিমাংশ থেকে শ্রীমন্তপুর পর্যন্ত ৩.১২ কিলোমিটার এবং হাজীর মোড় থেকে কাঠেরপুল পর্যন্ত ৯০০ মিটার সড়ক সংস্কার করা হবে। এর মধ্যে ৩টি ব্রিজ, ৩টি কালভার্ট ও ড্রেন অন্তর্ভুক্ত রয়েছে। সম্পূর্ণ কাজটি বাস্তবায়ন করবে ঝিনাইদহের কাঞ্চন নগরের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিথ বসু।
এদিকে, বিপুল অঙ্কের এই উন্নয়ন প্রকল্প পাস হলেও পৌরবাসীসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষের চলাচলের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ ‘চান্দিনা স্টেশন রোডটি’ সংস্কারের আওতায় আসেনি। মাছবাজার সংলগ্ন মাত্র ১৬৫ মিটারের এই অতিগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। এটি নতুন প্রকল্পে বাদ পড়ায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটিতে প্রতিদিন পাইকারি ও খুচরা মাছ বাজার বসে। সংস্কারের অভাবে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখানে প্রতিনিয়ত নোংরা-ময়লা পানি জমে থাকে, যা বর্তমানে পায়ে হেঁটে চলাচলেরও সম্পূর্ণ অনুপযোগী। এছাড়া সার্বক্ষণিক মাছ বাজার সচল থাকায় রিকশাসহ যেকোনো যানবাহনের ক্ষেত্রে এখানে তীব্র যানজট লেগে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক বলেন, "সব কাজ তো একসাথে করা সম্ভব নয়, পর্যায়ক্রমে হবে। আমরা এই সড়কটি বর্তমান প্রজেক্টের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলাম, কিন্তু সেটি বাদ পড়েছে।
তবে পরবর্তী ‘পালকী থেকে হাজীর মোড়’ পর্যন্ত সড়ক সংস্কার প্রজেক্টে এটি সম্পন্ন হয়ে যাবে। আগামী মাস দেড়েকের মধ্যে এই পরবর্তী প্রজেক্টটি অনুমোদিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।