শিরোনাম
◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ  ◈ জীবিত থাকতে সাবধান! মৃত্যুর পরও যেসব কাজের কারণে কবরে গুনাহ পৌঁছায়, জানুন ইসলামের নির্দেশনা

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের সাগরে সি-বিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালি পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

এ ঘটনায় দুবলার চরে আসা অন্য পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পর্যটকরা বলছেন, আলোরকোল সি-বিচে কোনও লাইফগার্ড, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা লাইফ জ্যাকেটের ব্যবস্থা না থাকায় এমন প্রাণহানি ঘটছে। অবিলম্বে পর্যটকদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন ইকোট্যুরিজম-২ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী ছোট লঞ্চে করে ১৯ জনের একটি দল সুন্দরবনে ভ্রমণে আসেন। গত ৫ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র নিয়ে মান্দারবাড়ি নৌপথ দিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন।

Advertisement

সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে পর্যটকবাহী লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে পর্যটকরা ট্রলারে করে চরে নামেন। একপর্যায়ে রিয়াজসহ কয়েকজন সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ তলিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, পর্যটকবাহী লঞ্চ থেকে ট্রলারে করে পর্যটকরা চরে নামেন। তাদের মধ্যে তিনজন সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন।

একপর্যায়ে ঢেউয়ের তোড়ে তাদের একজন তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে জেলেরা দ্রুত ট্রলার নিয়ে তল্লাশি শুরু করেন। ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে সাগরের উত্তাল পরিস্থিতির কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বন বিভাগের সদস্যরা কোস্টগার্ডের সঙ্গে সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আসছিলেন। শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে আলোরকোল সি-বিচের পাশ থেকে বন বিভাগের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। এর মধ্যে আজ রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ