শিরোনাম
◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৩ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩১ অক্টোবর, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত

ইফতেখার আলম বিশাল: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচন নিয়ে আইনি জটিলতা কেটেছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচন কমিশনার মো. মহিনুল হাসান।

তিনি বলেন, ‘রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এ ধরনের একটি আদেশের কপি আমরা হাতে পেয়েছি। নির্বাচন যথাসময়েই হবে।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচন কমিশনারের এ বক্তব্যের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটেছে।

এর আগে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। গত ২৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদ রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

Advertisement

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে সিভিল মিসলেনিয়াস পিটিশন নম্বর ১০০৮/২০২৬ দায়ের করা হয়। পিটিশনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট-অন-রেকর্ড মধু মালতী চৌধুরী বড়ুয়ার স্বাক্ষরিত সনদপত্র অনুযায়ী, গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের ২৬ অক্টোবরের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে আবেদনটি নিষ্পত্তি করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জন্য গত ২৭ আগস্ট রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। ওই আদেশের মাধ্যমে নির্বাচন পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছিল। পরে গত ৮ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচন কমিশনারের স্বাক্ষরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৩১ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইউনিয়নের সদস্য মো. মোমিনুল ইসলাম। রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম আক্তার জাকির।

আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করার পর নির্বাচন আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার মো. মহিনুল হাসান নির্ধারিত সময়েই ভোটগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

ফলে নতুন কোনো আদালতের আদেশ বা প্রশাসনিক সিদ্ধান্ত না এলে ৩১ অক্টোবর নির্ধারিত সূচি অনুযায়ী রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ