শিরোনাম
◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিডবোটে আটকে যায় তাহসিফের মরদেহ, এরপর যা ঘটে

টঙ্গীর তুরাগ নদীর রাজাবাড়ি খেয়াঘাটে কাজ করেন খোকন মিয়া (৫০)। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নদীর দক্ষিণ পাশ অর্থাৎ টঙ্গীর পাড়ের কাছ দিয়ে একটি মরদেহ ভেসে আসতে দেখেন। ভেসে আসছিল পশ্চিম অর্থাৎ আশুলিয়ার দিক থেকে।

৯৯৯ নম্বরে খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

পরে জানা যায়, মরদেহটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির। 

মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ।

Advertisement

আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা হয় খেয়াঘাটের দায়িত্বে থাকা খোকন মিয়ার সঙ্গে। মরদেহটি উদ্ধারের সময়ের বর্ণনা দেন তিনি।

'কাল দুপুরে হঠাৎ দেখি নদীর দক্ষিণ পাশ দিয়ে পশ্চিম দিক থেকে একটা মানুষ ভেসে আসতেছে। নদীর তীরে কিছু লোক লাশের পাশ ধরে ধরে হেঁটে আসছিল। কিছুক্ষণের মাঝেই লাশটি আমার সামনে দিয়ে যায়,' দ্য ডেইলি স্টারকে বলেন তিনি।

খোকন বলেন, 'খেয়াঘাটের পূর্বপাশে ৪টি স্পিডবোট ও একটি নৌকা বাঁধা ছিল। ঠিক সেখানে প্রথম যে সাদা স্পিডবোট ছিল, সেটাতে লাশটি আাটকে যায়। তখন দুপুর ২টা। কয়েকঘণ্টা আটকে ছিল। পরে পুলিশ আসে।'

আজ দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা, তুরাগ নদীর তীরে ৪টি স্পিডবোট আছে। তার চারপাশে কচুরিপানা। নদীতে স্রোত রয়েছে। নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।

সেখানে মানুষজনের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা যায়। আশপাশের চা দোকানি কিংবা সেলুনের লোকজন বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি।

ঘাটে অন্তত ৫ পুলিশ সদস্যকে দেখা যায়। সেখানে ছিলেন উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'গতকালই মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে। এটা যেহেতু দুই থানার মোহনা, তাই আমরাও এখানে অবস্থান করছি।'

খেয়াঘাটে দাঁড়ানো ছিলেন স্থানীয় একটি কারখানার এক শ্রমিক। নাম প্রকাশ না করার শর্তে ৫৫ বছর বয়সী এই শ্রমিক জানান, গতকাল তাহসিফের মরদেহ উদ্ধারের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'যার মরদেহ ছিল সম্ভবত তার স্বজনদের দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারা পুলিশের সঙ্গে কথা বললেন।'

উত্তরখান থানা এলাকায় বসবাসকারী এক নারী জানান, তিনিও গতকাল নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। তিনি তখন সন্তানকে নিয়ে উত্তরার পাশের চাইল্ড কেয়ার মডেল একাডেমিতে যাচ্ছিলেন।

'দেখলাম একজন নদীতে কাত হয়ে পড়ে আছে। হয়তো মরদেহটি ভেসে দূরে চলে যেত। কিন্তু সেখানে একটি স্পিডবোট থাকায় মরদেহটি আটকে ছিল। কোথা থেকে এসেছে, কেউ জানেন না। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেল,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ গতকাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২৮ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।'

তিনি জানান, মরদেহটির পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল।

'মরদেহের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম তাহসিফ সাউরি। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা বলে জানা গেছে। তার বাবার নাম কে এম এনায়েত এবং ঠিকানা উত্তরা,' বলেন এই পুলিশ কর্মকর্তা।

অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি আলোচনায় আসেন ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ