শিরোনাম
◈ তিতাসে ৫৯২ কোটি টাকায় নতুন দুই গ্যাসকূপ খননের পরিকল্পনা, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস ◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যে যুবকের পর বাবাও ডিবি হেফাজতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ‌বাজে মন্তব্যকারী মো. আবু বক্কর সিদ্দিককে আটকের পর তার বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকালে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। পরে তার বাবা আয়নাল হককেও আটক করা হয়। তারা দুজনে এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, ‘আটকের পর আমরা দুজনকেই ডিবির কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে বিস্তারিত জানাবে ডিবি।’

আটক আবু বকরের বাড়ি রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। তার বাবা আয়নাল হক পেশায় কৃষক। তার চার ছেলেমেয়ে। একমাত্র ছেলে আবু বকর সিদ্দিকই সবার বড়। তিনি রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন আবু বকর সিদ্দিক। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তিনি এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। আবু বকর বাইকারদের দলের সঙ্গে যুক্ত। বাইক নিয়ে একসঙ্গে দূর-দুরান্তে ঘুরে বেড়ান।

আবু বকরের মা আসমাউল হুসনা দাবি করেন, তার ছেলে নিরীহ, পরিশ্রমী এবং মেধাবী। তাকে এ ঘটনার সঙ্গে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ, ডিবি ও এসআরবি সূত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও চন্দ্রিমা থানা পুলিশের একটি দল তার বাড়ি যায়। এ সময় আবু বকরকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার অবস্থান জানাতে চাননি। বিকাল ৪টার দিকে এসআরবি-৫-এর একটি দল সাদাপোশাকে তার বাড়িতে অভিযানে যায়। আবু বকরকে না পেয়ে তারা তার বাবা আয়নাল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আয়নাল হক জানান, পবা উপজেলার হাটরামচন্দ্রপুর ঘোলহারিয়া গ্রামে মামার বাড়িতে আত্মগোপন করে আছে তার ছেলে। পরে এসআরবি তার বাবাকে নিয়েই সেই বাড়িতে অভিযানে যায়। সেখান থেকেই আবু বকরকে আটক করা হয়। ওই অভিযানে আবু বকর সিদ্দিক, তার বাবা আয়নাল হককে আটক ও পরিবারের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর দুজনকে ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম অভিযুক্ত যুবকের বাড়িতে তল্লাশি চালিয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়েও জব্দ করার মতো কোনও আলামত পায়নি পুলিশ। শুধু একটি পেনড্রাইভের মোড়ক জব্দ করা হয়। পুলিশ আবু বকরের ল্যাপটপ উদ্ধারের চেষ্টা করেছে। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন, আবু বকর ল্যাপটপ ব্যবহার করতেন না। তার ল্যাপটপ নেই।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জানান, আবু বকর সিদ্দিক কলেজের নিয়মিত ছাত্র। তিনি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তবে এখনও ফলাফল হয়নি। কলেজে আবু বকর সিদ্দিকের খারাপ কিছু দেখেননি তিনি। 

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান লিমন বলেন, ‘আমি প্রশাসনের লোকজনের কাছে শুনলাম আবু বকর আগে ছাত্রলীগ করতো। এখন নাকি ছাত্রশিবির করছে। কিন্তু কলেজে আমি কোনও কিছু দেখিনি। তাকে আমরা সেভাবে চিনতামও না।’

জানতে চাইলে ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির বলেন, ‘এখন কিছু হলেই শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে। কিন্তু আবু বকর সিদ্দিক আমাদের দলের কেউ নয়।’

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, আবু বকর আগে কখনও গ্রেফতার হয়েছিলেন কিনা, সে রকম কোনও তথ্য পাওয়া যায়নি। তার নামে কোনও মামলাও নেই। রাজনৈতিক সম্পৃক্ততাও পাওয়া যায়নি।’

গত মঙ্গলবার রাজশাহী এসে বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান, সেখান থেকে ধর্মসভা হয়ে আবার বিমানবন্দরে যাতায়াতের সময় রুয়েটের বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও এতে সাড়া দেন।

পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ওই বাসে বসে থাকার একটি ছবি পোস্ট দেওয়া হয়। পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক মন্তব্য করে লিখেছেন, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

  • সর্বশেষ