হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় কলা খেতে গিয়ে জালে আটকে পড়া একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর তিনটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের কলা ব্যবসায়ী আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, কোশাগোপালপুর গ্রামের কলা ব্যবসায়ী আব্দুস শুকুর আলীর কলা রাখার ঘরে গত কয়েক মাস ধরে রাতের আঁধারে একটি গন্ধগোকুল ঢুকে কলা খেয়ে নষ্ট করছিল। প্রাণীটিকে ধরার জন্য সম্প্রতি কলার ঘরের চারপাশ জালে ঘিরে রাখা হয়। বুধবার (২১ অক্টোবর) রাতে প্রতিদিনের মতো কলা খেতে এসে জালে জড়িয়ে আটকা পড়ে গন্ধগোকুলটি। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করে।
ব্যবসায়ী শুকুর আলীর ছেলে মো. ইসমাইল আলী বলেন, "গত কয়েক মাস ধরে রাতের বেলা কলার ঘরে ঢুকে কোনো প্রাণী কলা খেয়ে নষ্ট করে দিয়ে যেত। সকালে উঠে আমরা তা দেখতে পেতাম। তাই ঘরের চারপাশে জাল টাঙিয়ে রেখেছিলাম। বুধবার রাতে প্রাণীটি সেই জালে আটকে যায়। এরপর বন বিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, গন্ধগোকুল একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। খবর পাওয়ার পরপরই বন বিভাগের সদস্যরা সেটি উদ্ধার করে কার্যালয়ে নিয়ে এসেছেন। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে এবং সুবিধাজনক সময়ে সেটিকে কোনো নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।