ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধি: নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মিটিং করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মোবাইলে এক ভার্চ্যুয়াল জুম মিটিংয়ে যুক্ত হয়ে ঝিনাইদহ-৪ আসন কালীগঞ্জের আওয়ামী নেতাকর্মীদের সাথে কথা বলেন। এ সময় কালীগঞ্জের প্রায় অর্ধশত নেতাকর্মী ওই ভার্চ্যুয়াল মিটিংয়ে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
ওই মিটিংয়ের মাধ্যমে শেখ হাসিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে তার খালি পদটিতে কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আরা মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের কথা বলেছেন। শামীম আরা মান্নান আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মান্নানের সহধর্মিণী।
এদিকে পলাতক অবস্থায় শেখ হাসিনা ভারতে বসে কালীগঞ্জের আওয়ামী নেতাদের সাথে ভার্চ্যুয়াল জুম মিটিং করা নিয়ে সরকারের গোয়েন্দা বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে বেশ তোলপাড় সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুরে তাদের নেত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল জুম মিটিং করেন। এ সময় তিনি নেতাকর্মীদের খোঁজ-খবর ও সুবিধা-অসুবিধার কথা শোনেন। প্রায় দুই ঘণ্টার উপরে চলা ওই জুম মিটিংয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নিয়েছিলেন। মিটিংয়ের মাধ্যমেই তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ শূন্য থাকায় সিনিয়র সহ-সভাপতি শামীম আরা মান্নানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়ে দল গোছানোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।শেখ হাসিনার সাথে জুম মিটিং করার বিষয়টি জানতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ছাড়াও শীর্ষ কয়েকজন নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সবার ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, শেখ হাসিনা জুম মিটিং করেছেন, এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দেখেছেন। তবে কখন, কোথায় বসে বা মিটিংটি করা হয়েছে কিনা এমনটি জানা যায়নি। পুলিশ এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে এবং করণীয় বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।