হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার বিরোধের জেরে মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত ভাতিজারা হলেন—একই এলাকার আমোদ আলী বিশ্বাসের দুই ছেলে শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা জাহিদুল বিশ্বাসের সঙ্গে ভাতিজাদের বিরোধ সৃষ্টি হয়। জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তাঁর সীমানায় সিঁড়িটি নির্মাণ করা হচ্ছে, যা তাঁর চলাচলে বাধা সৃষ্টি করবে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহিদুল বিশ্বাস কোদাল দিয়ে ভাতিজা শাকিল বিশ্বাসের মাথায় আঘাত করেন।
এর জেরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে চাচা জাহিদুল বিশ্বাসের মাথায় পাল্টা আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।