তপু সরকার হারুন, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এতে স্বামী মোঃ রাজু মিয়া (৪২) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী সদর উপজেলার গরু হাঁটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত রাজু মিয়া উপজেলার গরুহাটি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে এবং মরহুম ডা. আব্দুল হাইয়ের নাতি।
জানা গেছে যে, মঙ্গলবার সকালে রাজু মিয়া নিজ বসতবাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী মোছা. খুকু মনি (৩২) ঘুমন্ত অবস্থায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ উঠেছে। এতে রাজু মিয়ার মাথায় কানের কাছে গুরুতর জখম হয়। তার ডান কানের একাংশ ছিঁড়ে যাওয়ার কথা জানা গেছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজু মিয়াকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে শেরপুর থেকেও তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে রাজু মিয়ার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় জানা গেছে। ঘটনা জানতে তাঁর বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।
এদিকে, ঘুমন্ত অবস্থায় স্বামীকে হাতুড়ি দিয়ে পাঠিয়ে আহত করার অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং ঘটনার আগে তাদের মধ্যে ঠিক কী নিয়ে বিরোধ চলছিল, তার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি তালাবদ্ধ বাড়িতে কোনো লোকজন না থাকায়।
হামলার ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নূর মোহাম্মদ ইনকিলাবকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু বাড়িটি তালাবদ্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনার পরই বাড়ি তালাবদ্ধ করে বাড়ির সবাই আহতকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছে বলে বাড়ির পাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে।