হোসাইন মোহাম্মদ দিদার : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, চুরি মামলার চার আসামি, নিয়মিত মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য মো. তাহসীন সওদাগর (৩১) ও মো. শাহপরান (৪০); চুরি মামলার আসামি মো. রাজীব হোসেন (৩৮), মো. শাহাবুদ্দিন ওরফে টাইগার শাহাবুদ্দিন (৪৯), মো. সাজু (২৪) ও মো. হোসেন (২৮); নিয়মিত মামলার আসামি মাসুম সরকার (৩৩) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফারুক।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই রবিউল ইসলাম, এসআই ইসমাইল হোসেন, এসআই মো. মনির হোসেন, এসআই মাসুদ আলম পাটওয়ারী, এএসআই মো. শাহীন মিয়া, এএসআই প্রিয়ব্রতসহ পুলিশের একটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তাহসীন সওদাগর দাউদকান্দির ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ এলাকার বাসিন্দা এবং শাহপরান ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল এলাকার বাসিন্দা। অন্য গ্রেপ্তার ব্যক্তিরাও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাউদকান্দি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধের সঙ্গে জড়িত কিংবা বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আট আসামিকে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।