শিরোনাম
◈ পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ ◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পেল আন্তর্জাতিক পুরস্কার

দখল ও দূষণে বিপর্যস্ত খাল পুনরুদ্ধার এবং পরিত্যক্ত জলাশয়কে জনবান্ধব নগর পার্কে রূপ দেওয়ার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) সামাজিক প্রভাব পুরস্কারের আঞ্চলিক বিভাগে বিজয়ী হয়েছে প্রকল্প দুটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত সিএএর সাধারণ সভায় এক অনুষ্ঠানে প্রকল্প দুটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং সহপ্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ইকবাল হাবিব। সিটি পার্ক ও বাবুরাইল খাল- দুই প্রকল্পেরই পরামর্শক ও নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হতো। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি ছিল নগরবাসীর জীবনযাত্রা ও বিনোদনের অংশ। তবে দীর্ঘদিনের দখল, বর্জ্য ও দূষণের কারণে একপর্যায়ে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।

পুনরুদ্ধার প্রকল্পের আওতায় খালটির জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও বিভিন্ন ধরনের জনপরিসর তৈরি করা হয়। স্থানীয় মানুষের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং জলভিত্তিক নগরপরিসরকে গুরুত্ব দিয়ে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়েছে। এতে নারায়ণগঞ্জের নগরজীবনে নতুন মাত্রা যোগ হয়েছে।

বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এর আগে ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড-২০১৬’ এবং ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সিটি পার্কের স্থানটি একসময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের উদ্যোগে জায়গাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আধুনিক নগর পার্কে রূপ দেওয়া হয়। বর্তমানে এটি নারায়ণগঞ্জ নগরবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও অবসর কাটানোর স্থান।

সিটি পার্ক ও বাবুরাইল খাল-দুটি প্রকল্পই ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ শহরে মানুষের জন্য উন্মুক্ত ও নান্দনিক গণপরিসর তৈরির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখছে। হাঁটাচলা, পরিবার নিয়ে সময় কাটানো ও বিনোদনের সুযোগের পাশাপাশি এসব প্রকল্প নগরবাসীর জন্য সবুজ ও নির্মল পরিবেশে স্বস্তির পরিসর তৈরি করেছে।

দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত স্থান পুনরুদ্ধার করে তা মানুষের জন্য উন্মুক্ত ও পরিবেশবান্ধব নগরপরিসরে রূপান্তরের উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সিএএর সামাজিক প্রভাব পুরস্কারকে নারায়ণগঞ্জের নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ