শিরোনাম
◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া।

গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় পেছন থেকে তাঁর চার লাখ টাকা চুরি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন একই দিন রাত ১০টার দিকে দেবিদ্বার থানায় মামলা করেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। ব্যাংকের ভেতরের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিপ্লব গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানা-পুলিশসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি তাঁর কষ্টার্জিত বাকি টাকাগুলোও উদ্ধার করে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাঁকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হবে।’

  • সর্বশেষ