শিরোনাম
◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিনের ‘ডুমসডে প্লেন’ নিয়ে কৌতূহল, কী আছে রাশিয়ার এই রহস্যময় বিমানে?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন। ব্রিকস (বিআরআইসিএস) সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠক করবেন তিনি।

শুক্রবার ভোরে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লিতে পৌঁছান পুতিন। বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তাবেষ্টিত রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্টের ভারত সফরেও ছিল বাড়তি নিরাপত্তা। আর সেই নিরাপত্তার অংশ হিসেবেই ফের আলোচনায় এসেছে তার বহুল আলোচিত বিশেষ বিমান—‘ফ্লাইং ক্রেমলিন’ বা ‘ডুমসডে প্লেন’।

একই ধরনের দুই বিমান, কোনটিতে পুতিন?

পুতিনের বহরে সাধারণত একই ধরনের দুটি ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইইউ বিমান একসঙ্গে উড়তে দেখা যায়। এর মধ্যে একটিতে প্রেসিডেন্ট থাকেন, অন্যটি থাকে ডিকয় বা বিভ্রান্তিমূলক বিমান হিসেবে। দুটি বিমান একই সময়ে উড্ডয়ন করায় পুতিন ঠিক কোন বিমানে রয়েছেন, তা বাইরে থেকে নিশ্চিতভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। রাশিয়া দীর্ঘদিন ধরেই রাষ্ট্রপ্রধানের বিদেশ সফরে এ ধরনের নিরাপত্তা কৌশল ব্যবহার করে আসছে।

পুতিনের জন্য ব্যবহৃত বিশেষায়িত আইএল-৯৬-৩০০পিইইউ বিমানটি রুশ নির্মাতা ইলিউশিনের তৈরি আইএল-৯৬-৩০০ মডেলের ওপর ভিত্তি করে ব্যাপকভাবে পরিবর্তিত। ১৯৮০-এর দশকে ইলিউশিন ডিজাইন ব্যুরো এই দীর্ঘপাল্লার উড়োজাহাজের নকশা তৈরি করে।

আকাশে উড়ন্ত কমান্ড সেন্টার

‘ডুমসডে প্লেন’ নামটি মূলত বিমানটির বিশেষ নিরাপত্তা ও যোগাযোগ সক্ষমতার কারণে। বিমানটি কেবল রাষ্ট্রপ্রধানকে বহন করার জন্য নয়, বরং জরুরি পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্টের জন্য একটি পূর্ণাঙ্গ মোবাইল কমান্ড সেন্টার হিসেবেও কাজ করতে পারে।

চার ইঞ্জিনের এই দীর্ঘপাল্লার বিমান একবারে প্রায় ১১ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। এতে ব্যবহৃত হয়েছে এভিডভিগতাল পিএস-৯০এ টার্বোফ্যান ইঞ্জিন।

বিমানটির দৈর্ঘ্য প্রায় ৫৫ দশমিক ৩৫ মিটার এবং ডানার বিস্তার ৬০ দশমিক ১২ মিটার। রাশিয়ার প্রেসিডেন্টের বিমান চলাচলের দায়িত্বে থাকা বিশেষ ফ্লাইট স্কোয়াড্রন এটি পরিচালনা করে।

রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা

আইএল-৯৬-৩০০-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর সুরক্ষিত যোগাযোগব্যবস্থা। বিমানটিতে এনক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে সামরিক, গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব।

এ ছাড়া এতে রয়েছে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সুরক্ষিত রেডিও ও ডাটা চ্যানেল এবং রাডার জ্যামিং প্রযুক্তি। এসব ব্যবস্থা জরুরি পরিস্থিতিতেও প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় ও সামরিক কাঠামোর যোগাযোগ সচল রাখার জন্য তৈরি করা হয়েছে।

উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বিমানটি সাধারণ যাত্রীবাহী উড়োজাহাজের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। ফলে যুদ্ধ, বড় ধরনের জাতীয় সংকট কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতেও এটি রুশ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ও নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী।

নিরাপত্তার পাশাপাশি বিলাসিতাও

শুধু নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থাই নয়, পুতিনের বিশেষ বিমানটি বিলাসবহুল সুবিধার জন্যও পরিচিত।

বিমানের ভেতরে রয়েছে প্রেসিডেন্টের জন্য আলাদা স্যুট, শোবার ঘর, বিলাসবহুল বাথরুম, ব্যক্তিগত রান্নাঘর ও খাবারের জায়গা। রয়েছে বড় আকারের একটি সম্মেলন কক্ষ, যেখানে বোর্ডরুমের মতো বসার ব্যবস্থা রয়েছে।

অভ্যন্তরসজ্জায় ব্যবহার করা হয়েছে উন্নতমানের কাঠ, চামড়া ও অন্যান্য বিলাসবহুল উপকরণ। কোথাও কোথাও রয়েছে সোনার প্রলেপ দেওয়া ফিটিংসও।

সব মিলিয়ে পুতিনের ‘ফ্লাইং ক্রেমলিন’ একই সঙ্গে একটি বিলাসবহুল প্রেসিডেন্টিয়াল বিমান, নিরাপদ যোগাযোগকেন্দ্র এবং প্রয়োজনে আকাশে পরিচালনাযোগ্য কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে।

ভারত সফরে পুতিনের এই বিশেষ বিমান ও এর নিরাপত্তাব্যবস্থা তাই ব্রিকস সম্মেলন ও তার রাজনৈতিক বৈঠকের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও আলাদা করে কৌতূহল তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ