রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
ওসি বলেন, শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুইজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
ওসি দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।