স্পোর্টস ডেস্ক : বিপদ আরও বাড়ছে পাকিস্তানের দুই ক্রিকেটার ইমাম উল হক এবং মহম্মদ রিজওয়ানের। শুক্রবার দুই ক্রিকেটারকে চার ঘণ্টা জেরা করেছেন সাইবার অপরাধ দমন সংস্থা। জানা গিয়েছে, ইংল্যান্ড সফরের আগে এবং পরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের নথিও পরীক্ষা করা হবে। দুই ক্রিকেটারকেই বাদ দেওয়া হয়েছে প্রথম শ্রেণির ম্যাচ থেকে।
সাইবার অপরাধ দমন সংস্থা দুই ক্রিকেটারের মোবাইলের ফরেন্সিক ও প্রযুক্তিগত পরীক্ষা করেছে। পাশাপাশি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি এবং আর্থিক লেনদেন খুঁটিয়ে পরীক্ষা করা হবে। দুই ক্রিকেটারকে কোনও সংস্থা, ব্যক্তি বা সংগঠন কোনও অর্থ দিয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে।
গত কয়েক দিনে কী কী লেনদেন হয়েছে সেগুলিও পরীক্ষা করা হবে। মুখে না বললেও সাইবার অপরাধ দমন সংস্থার তদন্তে এটা পরিষ্কার, দুই ক্রিকেটার অর্থের বিনিময়ে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত কি না সেটাই যাচাই করে দেখা হচ্ছে।
পাকিস্তানের ক্রিকেটে এই প্রথম বোর্ডের তরফে দুই ক্রিকেটারের নাম সাইবার অপরাধ দমন সংস্থায় অভিযোগ জানানো হয়েছে। সাইবার অপরাধ দমন সংস্থার তরফে দুই ক্রিকেটারের কাছে প্রশ্নোত্তরের একটি তালিকা পাঠিয়ে দ্রুত জবাব চাওয়া হয়েছে। এক ক্রিকেটার জবাব দিয়ে দিলেও আর একজন কিছুটা সময় চেয়েছেন। পাশাপাশি বোর্ডের তরফেও ইমাম এবং রিজওয়ানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
বৃহস্পতিবার রাতের দিকে লাহৌরের জোহর টাউনে সাইবার অপরাধ দমন সংস্থার দফতরে হাজির হয়েছিলেন ইমাম এবং রিজওয়ান। সাজঘরের তথ্য বাইরে প্রকাশ করে দেওয়ার ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। অনুশীলন চলাকালীন এবং ম্যাচের সময় তাঁরা বাইরের কার কার সঙ্গে কথা বলেছেন সেটাও জানতে চাওয়া হয়েছে।
এ দিকে, দুই ক্রিকেটারের খেলার কথা ছিল প্রেসিডেন্টস ট্রফি নামের প্রথম শ্রেণির প্রতিযোগিতায়। কিন্তু ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছেন দু’জনেই। পাশাপাশি তদন্তও চলছে। সে কারমেই প্রথম রাউন্ডের ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে ইমাম এবং রিজওয়ানকে।