হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল চত্বরে নির্মিত হতে যাচ্ছে একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ও আধুনিক ভবন।
বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, সংসদীয় আসন-২১৩ (ফরিদপুর-৩)-এর চিকিৎসাসেবার মান বাড়াতে ও জেলার বিপুল জনসংখ্যার আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির শয্যা বৃদ্ধি এবং ১৫ তলা ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে ডিও (আধা-সরকারি) পত্র দেন স্থানীয় সংসদ সদস্য।
ওই আবেদনের ভিত্তিতে শয্যা বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণের যাবতীয় প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।
স্থানীয়দের মতে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলে এবং আধুনিক ১৫ তলা ভবনটি বাস্তবায়িত হলে জেলার সাধারণ মানুষ ঘরের কাছেই উন্নত চিকিৎসাসেবা পাবেন, যা এ অঞ্চলের সার্বিক চিকিৎসা অবকাঠামোতে বড় পরিবর্তন আনবে।