হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এতে অবৈধ ব্যবহারের দায়ে ৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে সদর দপ্তরসহ জোনাল ও সাব-জোনাল অফিসের ১৬টি পৃথক টিম জেলার ১৭টি এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার, অবৈধ রাস্তার বাতি, অটো বাইক চার্জিং ও গ্যারেজে বিদ্যুৎ অপব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার বিষয়েও গ্রাহকদের সচেতন করা হয়।
অভিযান পরিচালনাকালে রাত ৮টার পর খোলা রাখা ৫২টি দোকান চিহ্নিত করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে বিদ্যুৎ অপব্যবহারের দায়ে তাৎক্ষণিকভাবে ৪টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বাকি ৪৮টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের ঝটিকা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।