সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক স্ত্রীকে ফিরে পেতে ১০ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে মোতালেব পরামানিক (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রথমে শিশুটিকে ফেরত দিতে পাঁচ লাখ টাকা দাবি করলেও পরে মুক্তিপণের পরিবর্তে সাবেক স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার শর্ত দেন তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং মোতালেবকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজিপুর থানা পুলিশ এ তথ্য জানায়। গ্রেপ্তার মোতালেব পরামানিক শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান পরামানিকের ছেলে। তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিশুটির মা বিথি খাতুন (৩০) জানান, গত রোববার মোতালেব পরামানিক তার ছেলে শিপন মিয়াকে ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটক থেকে অপহরণ করেন। স্কুল ছুটির পরও ছেলে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্কুলের সহপাঠীদের কাছ থেকে তারা জানতে পারেন, লম্বা ও চওড়া গড়নের এক ব্যক্তি শিপনকে সঙ্গে নিয়ে গেছে।
বিথি খাতুন জানান, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোতালেব তার মোবাইল ফোনে কল করেন। শিপনকে ফেরত দিতে প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। কিছুক্ষণ পর আবার ফোন করে শিশুটির মুক্তির বিনিময়ে তার সাবেক স্ত্রী বিলকিছকে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
শিশুটির বাবা সবুজ মিয়া (৩৬) বলেন, অভিযুক্ত মোতালেব তার বোনের সাবেক স্বামী। তার অভিযোগ, মোতালেব এর আগেও কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় গত বছরের ডিসেম্বরে তার বোন বিলকিছ তাকে তালাক দেন। পরে বিলকিছ অন্যত্র বিয়ে করেন। এরপরও মোতালেব তার পিছু ছাড়ছিলেন না। ছেলে অপহরণের পর তারা পুলিশের দ্বারস্থ হন।
কাজিপুর থানার এসআই রাফেল চাম্বুগং কালবেলাকে বলেন, অভিযোগ পাওয়ার পর সোমবার (১০ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোতালেব পরামানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মোতালেব পরামানিককে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উৎস: কালবেলা।