মো.আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকা আরিচামহাসড়কের ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় চারটি যানবাহনের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কভারভ্যানও ব্রেক করে। একই সময়ে কভারভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও গতি কমিয়ে দেয়। এ অবস্থায় পেছন থেকে দ্রুত গতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারটি যানবাহন ক্ষতি গ্রস্ত হয়েছে।
নিহতদের একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। অপরজন সুজয় সাহা,যিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।