হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় শোক সহ্য করার মতো ধৈর্য ও মানসিক শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার ওপর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ চলছে।
পরিবারের স্বজনরা জানান, পাঁচ সদস্যের পরিবারটি একটি প্রাইভেটকারে করে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে তাদের বহনকারী গাড়ির পেছনে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুর ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।