শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ সন্তানের ৪ জন মারা গেছে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। তবে গর্ভধারণের প্রায় সাড়ে ছয় মাসের মাথায় নির্ধারিত সময়ের অনেক আগেই সন্তান প্রসব হওয়ায় জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনই মারা গেছে। বর্তমানে একটি ছেলে শিশু হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া বিশ্বাস জানান, জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই তিন নবজাতক মারা যায়। পরে শুক্রবার ভোরে আরও এক ছেলে শিশুর মৃত্যু হয়। বর্তমানে একটি ছেলে শিশু জীবিত রয়েছে এবং তাকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও এখনও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একে একে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন চাঁদনী বেগম (২২)। বিরল এই প্রসবের ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলেও, কয়েক ঘণ্টার ব্যবধানে চার নবজাতকের মৃত্যুর খবরে নেমে আসে শোকের ছায়া।

চাঁদনী বেগম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের বড় কাজুলী গ্রামের বাসিন্দা। প্রায় দেড় বছর আগে একই উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের মাহামুদুল হাসান ডলারের (৩০) সঙ্গে তাঁর বিয়ে হয়। মাহামুদুল হাসান ডলার বর্তমানে সিঙ্গাপুরে কর্মসংস্থানের প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

পরিবারের সদস্যরা জানান, বিয়ের কয়েক মাস পর চাঁদনী গর্ভবতী হন। পরবর্তীতে আল্ট্রাসনোগ্রাফিতে তাঁর গর্ভে পাঁচটি সন্তান রয়েছে বলে জানতে পারেন চিকিৎসকেরা। বিষয়টি পরিবারে আনন্দের সৃষ্টি করলেও চিকিৎসকেরা শুরু থেকেই এটিকে উচ্চঝুঁকিপূর্ণ গর্ভধারণ হিসেবে বিবেচনা করেছিলেন।

হাসপাতালের লেবার ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স মিনতি সরকার জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক প্রসব শুরু হয়। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পাঁচটি নবজাতকের জন্ম হয়। জন্মের সময় প্রতিটি শিশুর ওজন ছিল আনুমানিক ৭০০ থেকে ৮০০ গ্রাম, যা অত্যন্ত কম।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ড সূত্র জানায়, জন্মের পর পাঁচ নবজাতককেই চিকিৎসা দেওয়া হয়। তবে অপরিণত বয়সে জন্ম নেওয়া এবং অত্যন্ত কম ওজনের কারণে তাদের শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন।

নবজাতক ও শিশু ওয়ার্ডের দায়িত্বরত শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক প্রীতিরাজ পাল চৌধুরী বলেন, জন্মের সময় পাঁচ শিশুই জীবিত ছিল। কিন্তু তারা ‘এক্সট্রিমলি লো বার্থ ওয়েট’ বা অত্যন্ত কম ওজনের নবজাতক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা প্রয়োজন ছিল। এ ধরনের শিশুদের সাধারণত উন্নত নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-এ চিকিৎসা দিতে হয়। হাসপাতালের সীমিত সুবিধার কথা বিবেচনায় রেখে নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে তাদের আর স্থানান্তর করা হয়নি।

চিকিৎসকদের ভাষ্য, সাধারণ গর্ভধারণের মেয়াদ ৩৭ থেকে ৪০ সপ্তাহ হলেও এই প্রসূতির সন্তানদের জন্ম হয়েছে প্রায় ২৮ সপ্তাহের আগেই। এত কম বয়সে জন্ম নেওয়া নবজাতকদের ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পূর্ণাঙ্গভাবে বিকশিত না হওয়ায় মৃত্যুঝুঁকি অত্যন্ত বেশি থাকে।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত বিরল ঘটনা। তবে অপরিণত প্রসব এবং পর্যাপ্ত নিবিড় নবজাতক পরিচর্যার অভাবে চার নবজাতকের মৃত্যুতে আনন্দের সেই মুহূর্ত মুহূর্তেই পরিণত হয়েছে গভীর বেদনায়। বর্তমানে পরিবারের সব প্রার্থনা এখন একমাত্র জীবিত শিশুটিকে ঘিরেই।

  • সর্বশেষ