হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পবিত্র রমজান মাসের মানবিক চেতনাকে ধারণ করে ফরিদপুরে বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রবীণদের সঙ্গে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুর।
শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত শান্তিনিবাস (বৃদ্ধাশ্রম) প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম। তারা বৃদ্ধাশ্রমে বসবাসরত নিবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং তাদের সঙ্গে ইফতারে অংশ নেন। এ সময় অতিথিরা প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রবীণ মানুষদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের এই পবিত্র সময়ে তাদের পাশে দাঁড়ানো মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। তারা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। সার্বিক সহযোগিতা প্রদান করেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন।
আয়োজনটি সফল করতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের সদস্য সচিব জামাল হোসেন। এ সময় সহযোগিতায় ছিলেন আলমগীর হোসেন, গোলাম কিবরিয়া, মুহিবুল্লাহসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হিরক, প্রফেসর রেজভী জামান, প্রফেসর ওবায়দুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিল শেষে বৃদ্ধাশ্রমের নিবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজকদের এমন মানবিক উদ্যোগে শান্তিনিবাসের প্রবীণ বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের একাকীত্ব দূর করতে সহায়ক এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দেয়।