আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনের ১৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। উপজেলায় মোট ভোটকক্ষের সংখ্যা ৭১০টি।
প্রশাসনের তথ্যমতে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্টা হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভালুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা(উপর ওনিচ তলা), গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,শরীফবা গ ইসলামিয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন)।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের তৎপরতা ও ভোটকেন্দ্র দখলের ঝুঁকি বিবেচনায় এসব কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।তবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তে পুলিশ, র্যাব, বিজিবি ওসেনাবাহিনী মোতায়েন থাকবে।শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব আরও জানান, এবারের নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। কেউ ভোটে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াহবে।প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।