শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: 'সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে' স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল হতে রাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল নবীন আর প্রবীণদের এক মিলনমেলা। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে যেন বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয় বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে।
অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়ে প্রতিষ্ঠান চত্বর হয়ে ওঠে মুখরিত। এ যেন এক অন্যরকম দৃশ্য।
বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শৈশবের কথা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি আর ফটোসেশন। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠি বা প্রিয় বান্ধবীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, উদযাপন পরিষদের আহ্বায়ক ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, এখানে আজ আসতে পেরে খুব ভালো লাগছে। আমার বাবা এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। আমার আজকের এই অবস্থানের একমাত্র কারিগর আমার বাবা। আমাদের শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে।
ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান বলেন, এই বিদ্যালয়টি মানিকগঞ্জের অন্যতম একটি বিদ্যালয়। এই বিদ্যালয় না থাকলে আমরা আজকের এই অবস্থায় আসতে পারতাম না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডেবোনেয়ার গ্রুপের চেয়ারম্যান নাইয়ারা নুর নিপা, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলী আকবর খান, আকিবুল খান, নীতিনির্ধারণী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. নুরুল হক চৌধুরী মনি, ড. দেওয়ান আব্দুল কাদির, অ্যাডভোকেট ইবাদুল ইসলাম, আবুল ফজল দোস্ত মোহাম্মদ খান, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার ও সিনিয়র সদস্য সচিব ফারুক ওয়াদুদ খান।