ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে অপারেটর নিয়োগসংক্রান্ত চুক্তিসহ প্রয়োজনীয় কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ হলে সীমিত পরিসরে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সোমবার (২০ জুলাই) বিকেলে বেবিচকের কার্যালয়ের অডিটোরিয়ামে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এ প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। এ কারণে সরকার আগামী ডিসেম্বর থেকে টার্মিনালটি চালু করতে চায়।
তবে তিনি জানান, টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা থাকা জাপানি কোম্পানিগুলোর কনসোর্টিয়ামের সঙ্গে সরকারের একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠক হলেও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি সইসহ অন্যান্য প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ডিসেম্বর থেকে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করা যেতে পারে।