ইমরুল শাহেদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন সংস্থা একটি দুর্নীতি মামলা দায়ের করেছে। বলা যায়, ইমরান সরকারের জন্য এটা হলো একটা বড় ধরনের ধাক্কা। পদত্যাগের সময় বাবর আওয়ান বলেছেন, তাকে দিয়েই ন্যায় বিচারের যাত্রা শুরু হওয়া উচিত। তিনি বলেন, পদত্যাগপত্র তিনি প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দিয়েছেন। বাবর আওয়ান এক টুইটে লিখেছেন, ‘পার্লামেন্টারি অ্যাফেয়ার্স থেকে পদত্যাগের জন্য এই মাত্র প্রধানমন্ত্রী ভবনে এসে পৌঁছুলাম। আমাকে দিয়েই আইনের শাসন শুরু হোক। ইনসাফকারীদের ধন্যবাদ। তারা সব সময় আমার পাশে আছেন। আমি কখনোই আপনাদের ছোট করব না।’
বাবর আওয়ান হলেন প্রধানমন্ত্রী ইমরান খানের একজন বিশ্বস্ত সহায়তাকারী। তার বিরুদ্ধে নান্দিপুর প্রকল্পের বিলম্বের কারণে ইসলামাবাদ অ্যাকাউন্টিবিলিটি আদালতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) একটি দুর্নীতি মামলা দায়ের করেছে।
রোববার জিওনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নান্দিপুর প্রকল্পের বিলম্বের কারণে বাবর আওয়ানকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনএবি।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জিওনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এনএবি রাওয়ালপিন্ডি চ্যাপ্টারের উপ-পরিচালক আসমা চৌধুরী পাঞ্জাব প্রদেশের সিনেটর বাবর আওয়ানকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি কয়েক মাস থেকে প্রকল্পটির নথিপত্র ‘লুকিয়ে’ রেখেছেন। এতে রাষ্ট্রীয় অর্থভান্ডারের কয়েক বিলিয়ন রুপি ক্ষতি হয়েছে।
এই ঘটনা ঘটেছে ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে পাকিস্তান পিপলস পার্টির শাসনামলে। জিওনিউজ জানিয়েছে, সে সময় বাবর আওয়ান ছিলেন আইনমন্ত্রী। একই কারণে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাসহ সাবেক পানি ও বিদ্যুৎ মন্ত্রী রাজা পারভেজ আশরাফও মামলার মুখোমুখি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিশন আইন ও বিচার বিভাগের বিলম্বের জন্য দায়ি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের সুপারিশ করেছে।
প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি উপড়ে ফেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি ইতোমধ্যেই পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য ব্যয় সংকোচন নীতি মেনে চলতে শুরু করেছেন। এনডিটিভি