স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেও শেষ ম্যাচে একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। টানা দুই ম্যাচে তাঁকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
বৈভবকে কেন নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে না? ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলের এমন প্রশ্নে গম্ভীরের সোজাসাপটা জবাব, ‘সবাইকে খুশি করা আমার কাজ নয়। আমার কাজ সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেই সিদ্ধান্ত জনপ্রিয় না-ও হতে পারে। এ কারণেই আমি এখানে আছি।
গম্ভীরের মতে, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া সহজ। তবে দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি দলের ড্রেসিংরুমে প্রত্যেক ক্রিকেটারের নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করাও তাঁর দায়িত্ব। --- আনন্দবাজার
ভারতীয় কোচ বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কয়েকজন দীর্ঘদিন ধরে দুর্দান্ত পারফরম্যান্স করছে। স্বাভাবিকভাবেই তাদের বেশি সুযোগ পাওয়া উচিত। আমরা বিষয়টি সেভাবেই বিবেচনা করছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এক ম্যাচেও সুযোগ পাননি ১৫ বছর বয়সী বৈভব। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ছিলেন একাদশের বাইরে। ঈশান কিষানের চোটে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সুযোগ পান তিনি। তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণও দেন।
বৈভবের আগ্রাসী ব্যাটিং ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। তাঁর ব্যাটিং দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরাও। কিন্তু তাতে ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বদলায়নি। চতুর্থ ম্যাচের পর সিরিজের শেষ ম্যাচেও একাদশে জায়গা হয়নি এই কিশোর ওপেনারের।
বৈভবের ব্যাটিং নিয়ে যত আলোচনা, গম্ভীরের সিদ্ধান্ত ততটাই স্পষ্ট—ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সামগ্রিক স্বার্থকেই প্রাধান্য দিতে চান তিনি।