স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে শুরুটা ভালো হয়নি। প্রথমবারের মতো পিছিয়েও পড়েছিল পর্তুগাল। তবে দুই মিনিটের ব্যবধানেই ম্যাচে ফিরল শিরোপাধারীরা। শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল।
রোববার পোর্তোয় ক্রিস্তোফের আয়েরের গোলে এগিয়ে যায় নরওয়ে। ৩৬ মিনিটে মার্টিন ওদেগোরের ফ্রি-কিক থেকে পাওয়া বলে দারুণ শটে গোল করেন এই ডিফেন্ডার। তবে দুই মিনিট পরই বুলেট গতির শটে পর্তুগালকে সমতায় ফেরান জুয়াও কান্সেলো।
বিরতির পরও চাপ ধরে রাখে পর্তুগাল। একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না জর্জে জেসুসের দল। অবশেষে ৭৯ মিনিটে ভিতিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফেলিক্সের বাড়ানো বলে আলতো টোকায় জয়সূচক গোল করেন গনসালো রামোস।
রোনালদোর অনুপস্থিতিতে টানা তৃতীয় ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েই তিন ম্যাচে তিন গোল করলেন রামোস। শেষ দিকে ফ্রান্সিস্কু কন্সেইসাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় পর্তুগাল। তবু ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি নরওয়ে।
বল দখলে ৫৫ শতাংশের বেশি এগিয়ে থাকা পর্তুগাল গোলের জন্য নেয় ২০টি শট, যার সাতটি ছিল লক্ষ্যে। চার ম্যাচে চার জয় তুলে ১২ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে একই সময়ে ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠেছে ডেনমার্ক। চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। নরওয়ে ও ওয়েলসের পয়েন্ট ৩ করে।