স্পোর্টস ডেস্ক : রানে ফিরেছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি, তৃতীয় ওয়ানডেতে মাত্র ৮ রানের জন্য শতরান মিস। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাঁর জায়গা নিয়েও আপাতত প্রশ্ন নেই। তবে ‘হিটম্যান’-এর ব্যাটিংয়ে খুশি নন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর।
তৃতীয় ওয়ানডেতে শুরুতেই চাপে পড়ে ভারত। ৪ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে এসে ধীরে ব্যাট করেন রোহিত। একটা সময় তাঁর রান ছিল বলের প্রায় অর্ধেক। পরে গতি বাড়িয়ে ২৫ ওভার পর্যন্ত টিকে থাকলেও আগ্রাসী শট খেলতে গিয়ে ৯২ রানে আউট হন তিনি।
রোহিতের আউটেই হতাশ গাভাসকর। তাঁর মতে, ২০২৭ বিশ্বকাপই হতে পারে রোহিতের শেষ বড় মঞ্চ। তাই তার আগেই একটি বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলুন ভারতীয় ওপেনার—এটাই চান তিনি।
গাভাসকর বলেন, রোহিতকে নিয়ে আমি হতাশ। ৯২ রানে আউট হয়ে গেল, সেঞ্চুরি পেল না। সম্ভবত ২০২৭ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেবে। আমি চাই, অবসরের সময় ওর বয়সের চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি হোক।
রোহিতের ব্যাটিংয়ের ধরনেও পরিবর্তন দেখছেন গাভাসকর। তাঁর মতে, এখন নিজের উইকেট নিয়ে বেশি সচেতন রোহিত। ২০২৩ বিশ্বকাপে যে আগ্রাসী ক্রিকেট খেলতেন, এখন আর তেমনটা দেখা যায় না। ২০২৩ সালে তাঁর ওয়ানডে স্ট্রাইক রেট ছিল ১১৭, এখন তা নেমে এসেছে ১০৪-এ।