স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে আবারও ভারতের শ্রেষ্ঠত্বের প্রমাণ মিলেছে। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে ভারত। তবে এই জয়ের পর প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়েই যেন সবচেয়ে বড় মন্তব্যটি করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মনহাস।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিপক্ষে পাকিস্তান যেন দাঁড়াতেই পারেনি। যেকোন ইভেন্টে হারটাই যেন তাদের নিয়তি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে মিঠুনের দাবি, ভারতের বর্তমান সামর্থ্যের বিচারে পাকিস্তানকে এখন আর প্রতিপক্ষ হিসেবে দেখেন না তিনি। -- ডেইলি ক্রিকেট
ভারতীয় বোর্ড সভাপতি বলেন, ‘ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। আমি মনে করি পাকিস্তান এখন আমাদের প্রতিপক্ষই নয়। যেভাবে আমাদের দল চাপ সামলাতে পারে, বিশ্বের অন্য কোনো দেশ তা পারে না।
এশিয়ান গেমসে এটি ভারতের টানা দ্বিতীয় ক্রিকেট স্বর্ণ। আগের আসরেও সোনা জিতেছিল তারা। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখায় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট মিঠুন।
তিনি বলেন, ‘আমাদের দল প্রতিযোগিতার সেরা। আমরা গতবারের চ্যাম্পিয়ন। সেভাবেই এবার খেলেছি। আমাদের ধারেকাছে অন্য কোনো দল নেই।
ফাইনালে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিষেক শর্মা ও তিলক বর্মার প্রশংসাও করেছেন বোর্ড সভাপতি। দলের সম্মিলিত পারফরম্যান্সকে সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করে তিনি বিশেষভাবে তুলে ধরেছেন দুজনের অবদান।
মিঠুনের ভাষায়, এটা দলগত খেলা। তবে তিলক দুর্দান্ত ব্যাট করেছে। ভিতটা গড়ে দিয়েছিল অভিষেক। ওপেনারদের কাজ শুরুটা ভালো দেওয়া। মিডল অর্ডার সেটা শেষ করে। সেটাই এই ম্যাচে দেখেছি।
শুধু ব্যাটিং নয়, চাপের মুহূর্তে বোলারদের কার্যকর পারফরম্যান্সও ভারতের স্বর্ণ জয়ের অন্যতম কারণ বলে মনে করেন মিঠুন। বিশেষ করে ছোট মাঠে রান আটকানোর কঠিন চ্যালেঞ্জ সামলেও ভারতীয় বোলাররা নিজেদের পরিকল্পনা থেকে সরে যায়নি বলে জানান তিনি।
বোর্ড সভাপতি বলেন, ভারতের ব্যাটাররা যে কাজটা শুরু করেছিল, সেটা শেষ করেছে বোলারেরা। চাপের মধ্যেও বোলারেরা খেই হারায়নি। ছোট মাঠে রান বাঁচানো কঠিন। কিন্তু আমরা দেখিয়েছি, কেন আমরা চ্যাম্পিয়ন।