স্পোর্টস ডেস্ক : পর্দা নেমেছে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের। দুই সপ্তাহের প্রতিযোগিতা শেষে যথারীতি পদক তালিকার শীর্ষে চীন, দ্বিতীয় স্বাগতিক জাপান। বাংলাদেশের অবস্থান ৩৭তম।
৪৫টি দেশ ও একটি শরণার্থী দল অংশ নেওয়া এবারের আসরে পদক জিতেছে ৪০টি দেশ। বাংলাদেশের মতো ব্রুনেই, লাওস ও সিরিয়াও পেয়েছে একটি করে ব্রোঞ্জ।
৩৪১টি পদক নিয়ে সবার ওপরে চীন। তাদের সংগ্রহ ১৬৯ সোনা, ৮৯ রুপা ও ৮৩ ব্রোঞ্জ। স্বাগতিক জাপান ৮৩ সোনা, ৯৫ রুপা ও ৯১ ব্রোঞ্জসহ জিতেছে ২৬৯ পদক। ৩৯ সোনা, ৪৩ রুপা ও ৬৮ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় দক্ষিণ কোরিয়া।
১৮৭ ক্রীড়াবিদ নিয়ে এবারের গেমসে অংশ নেয় বাংলাদেশ। ক্রিকেট, কাবাডি, আর্চারি ও শুটিংয়ে পদকের আশা থাকলেও শেষ পর্যন্ত সাফল্য এসেছে শুধু উশুতে। জিন্নাত আক্তারের হাত ধরে পাওয়া একটি ব্রোঞ্জই বাংলাদেশের একমাত্র অর্জন।
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ডিসকোয়ালিফায়েড হওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠেছিলেন জিন্নাত। শেষ চারে চীনের উ দিয়ের কাছে হেরে ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি। এশিয়ান গেমসে একক ইভেন্টে বাংলাদেশের এটি ৪০ বছর পর পদক।
ক্রিকেটেও পদকের সুযোগ ছিল। তবে পুরুষ দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায়। ফলে প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা নিয়েই আইচি-নাগোয়া থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।