স্পোর্টস ডেস্ক : এক দিনের বিশ্বকাপের এখনও এক বছর বাকি। এরই মধ্যে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ বেছে ফেলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রচারকারী সংস্থার অনুষ্ঠানে নিজের পছন্দের ১১ ক্রিকেটারের নাম জানিয়েছেন তিনি।
সৌরভের একাদশে ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। তিন নম্বরে বিরাট কোহলি, চার নম্বরে শ্রেয়স আয়ার এবং পাঁচে কেএল রাহুল। অর্থাৎ ভারতের ব্যাটিংয়ের প্রথম পাঁচে খুব একটা পরিবর্তন দেখছেন না তিনি।
ছয় নম্বরে সৌরভের পছন্দ হার্দিক পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর পেস বোলিংও দলের ভারসাম্যে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন সৌরভ।
সাত নম্বরে অবশ্য নিশ্চিত নন সাবেক ভারত অধিনায়ক। শিবম দুবে, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কন্ডিশন বিবেচনায় একজনকে বেছে নেওয়ার কথা বলেছেন তিনি। আট নম্বরে রেখেছেন অক্ষর পটেলকে।
পেস আক্রমণে সৌরভের পছন্দ জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কাড়া কুলদীপ যাদবকে তাঁর একাদশে জায়গা হয়নি। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেট বিবেচনায় তিন পেসারের ওপরই ভরসা করছেন সৌরভ।
হার্দিককে নিয়ে সৌরভের ভাবনাটা পরিষ্কার। তাঁর মতে, ভারতীয় দলের ভারসাম্যের জন্য হার্দিককে প্রয়োজন। তবে চোটপ্রবণ এই অলরাউন্ডারকে বিশ্বকাপের আগে নিয়মিত খেলানোর চ্যালেঞ্জও রয়েছে। হার্দিক না থাকলে নীতীশ রেড্ডিকে বিকল্প হিসেবে দেখছেন তিনি। জাডেজার কথাও বলেছেন বিকল্প হিসেবে।
সৌরভের মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকা জরুরি। কারণ প্রথম পাঁচ ব্যাটারের কেউ নিয়মিত বোলিং করেন না। তাই দলে পঞ্চম বা ষষ্ঠ বোলিং বিকল্প নিশ্চিত করতেই হবে ভারতকে। বিশ্বকাপের এক বছর আগেই সৌরভের পছন্দের একাদশে তাই স্পষ্ট—ব্যাটিংয়ে অভিজ্ঞতা, আর বোলিংয়ে পেস আক্রমণের ওপরই তাঁর মূল ভরসা।